হকিতে পদত্যাগ আর প্রত্যাহার-প্রস্তুতি
পরশু ক্লাব কাপ হকির ফাইনালে সব নিয়ম-নীতি বিসর্জন দেওয়ার ঘটনায় ‘বিবেকের দংশনে’ ভুগছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার জামিলউদ্দিন। তা থেকে মুক্তি পেতে খুব বেশি সময় তিনি নেননি। কাল সকালেই পদত্যাগ করেন ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়া এই সাবেক ‘ক্রিকেট কর্মকর্তা’।হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার জামিলউদ্দিন পদত্যাগ করেছেন—কাল সকালে এই খবর হকি ফেডারেশনের অন্দরে তোলে বিরাট ঝড়। দুপুরে ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় (আগামী মাসে ঢাকায় এশিয়ান গেমস হকির বাছাইপর্বের প্রস্তুতি উপলক্ষে সভাটা ছিল পূর্বনির্ধারিত) আসেননি পদত্যাগী সাধারণ সম্পাদক। ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান জামিলকে ফোন করে ফেডারেশনে আসতে অনুরোধ করেন। বলেন, না আসা পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। এই ফোনের পর জামিল আসেন ফেডারেশনে। তাঁকে পদত্যাগপত্র প্রত্যাহার করার জন্য এক-দেড় ঘণ্টা বোঝান ফেডারেশনের সভাপতি।ততক্ষণে ফেডারেশনে সংবাদকর্মীদের ভিড় জমে গেছে। স্থান সঙ্কুলান না হওয়ায় সবাইকে বসতে হলো ফেডারেশনের সম্মেলনকক্ষে। এখানেই হয়ে গেল অনির্ধারিত এক সংবাদ সম্মেলন।প্রশ্ন ছিল অনেক। উল্লেখযোগ্য কয়েকটি এ রকম: বিদেশি খেলোয়াড়ের নিবন্ধন ম্যাচের আগের রাত আটটায় নাকি ম্যাচের ১০ মিনিট আগে করলেই হবে? বাইলজের ব্যাখ্যা কেন ঠিকভাবে দিতে পারেননি লিগ কমিটির সম্পাদক? কেন একজন বিদেশি খেলোয়াড়কে খেলানো নিয়ে এত নাটক হলো? কেন পুরো সময় হলো না ফাইনাল? কেন প্রহসনের ফাইনালে মোহামেডানের কাছে পরাজিত ঊষা পুরস্কার ছাড়াই চলে গেল? কেন হকিতে এসে প্রধান অতিথি অর্থমন্ত্রী একটা বাজে ধারণা নিয়ে গেলেন? হকি আর কত নেতিবাচক কারণে খবর হবে?সভাপতির কক্ষ থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে আসা বিদায়ী সাধারণ সম্পাদক স্পষ্ট কথাই বললেন। ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা তিনি করেননি। অকপটে সব দায়িত্ব স্বীকার করে ফেডারেশনের ব্যর্থতা মেনে নিয়েছেন।‘এটা হকির জন্য লজ্জাজনক ঘটনা। এ ঘটনার সার্বিক দায়িত্ব আমার। লিগ কমিটির সম্পাদক ভুল করেছেন। তবে সেটা তাঁর একার নয়। সভাপতি বিব্রত হয়েছেন। তা ছাড়া একজন সিনিয়র মন্ত্রী ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি, তাঁর সম্মানার্থে ফাইনালটা আমরা শেষ করতে চেয়েছি। খেলা শেষ না হলে তিনি অনুষ্ঠানে আসতেন না। না এলে বলতেন যে ফেডারেশন একটা ঘরোয়া টুর্নামেন্ট করতে পারে না, তারা কীভাবে এশিয়ান কাপের বাছাইপর্ব আয়োজন করবে? অর্থমন্ত্রী এশিয়ান কাপ হকি বাছাইপর্বের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান। বুঝতেই পারছেন, কী একটা সমস্যায় পড়েছিলাম আমরা’—খোন্দকার জামিলের ব্যাখ্যা।বিদেশি খেলোয়াড় নিয়ে নাটক যা-ই হোক, কোনো অবস্থাতেই ৭০ মিনিটের ফাইনাল ৫৫ মিনিট হতে পারে না। জেনে-বুঝে এই অবৈধ কাজ কেন করা হলো? পদত্যাগী সাধারণ সম্পাদক এই প্রশ্নে ঊষার প্রতি সহানুভূতি জানালেন, ‘দেশের হকির বৃহত্তর স্বার্থে এ কাজটা করতে আমরা বাধ্য হয়েছি। তবে এতে ঊষার প্রতি অন্যায় এবং অবিচার হয়েছে। এটা ঠিক হয়নি।’ওদিকে মোহামেডানের কঠোর সমালোচনা করেছেন পদত্যাগী সাধারণ সম্পাদক। ‘বিদেশি খেলোয়াড় নিবন্ধন ম্যাচের আগের রাত আটটার মধ্যে করতে হবে এটা বাইলজে বলা আছে। কিন্তু লিগ কমিটির সম্পাদকের ভুলের সুযোগ নিয়ে তারা যা করেছে, সেটা লজ্জাজনক ও ন্যক্কারজনক। এটা হুলিগানিজম’—বলেছেন জামিল।পদত্যাগ-নাটকের যেন শেষ নেই। আগের দিন পদত্যাগ করা লিগ কমিটির সাধারণ সম্পাদক আনভির আদিল পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন সভাপতির অনুরোধে। সাধারণ সম্পাদকও তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে নেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে মনে হলো। ‘আমার পদত্যাগের অন্যতম কারণ আমার পরিবারের চাপ। সকালে পত্রিকা পড়ে স্ত্রী-কন্যা বলেছে, ওখানে থাকার দরকার নেই। তবে ফেডারেশন সভাপতি যেহেতু অনুরোধ করেছেন, তাই সভাপতির প্রতি সম্মান দেখিয়ে পদত্যাগপত্র প্রত্যাহার করতে পারি, ভাবার জন্য দু-এক দিন সময় চাই আমি। ফিরে এলে কঠিন হাতে ফেডারেশন চালাব। এভাবে আর চলবে না’—এই ছিল জামিলের শেষ কথা।