হকিতে পুল থাকছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়দের অনেক আন্দোলনের পর গতবার হকি ফেডারেশনের সভাপতি ঘোষণা দিয়েছিলেন, আগামী মৌসুমে আর পুল নয়। কাল ফেডারেশনের সভায় সেই প্রতিশ্রুতি রক্ষা করারই ঘোষণা দিলেন সভাপতি এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান। এবার তাই ঘরোয়া হকিতে খেলোয়াড়দের স্বার্থবিরোধী পুল প্রথা থাকছে না।বুধবার হকির লিগ কমিটির সভায় আবাহনী-ঊষাসহ প্রিমিয়ার লিগের ১০টি দলের আটটিই পুল বহাল রাখার দাবি তোলে। এবার অনেক আগেই দল গঠনে মাঠে নামা মোহামেডান পুলের বিরোধিতা করেছে। এরই মধ্যে তারা দেশের সেরা কয়েকজন খেলোয়াড়কে নিশ্চিত করে ফেলেছে। পুল না হলে মোহামেডানের সুবিধা।লিগ কমিটিতে ঊষার প্রতিনিধি জাতীয় দলের সাবেক স্ট্রাইকার রফিকুল ইসলাম কামাল পুলের প্রস্তাবক ছিলেন। পরে কামাল জানিয়েছেন, ব্যক্তিগতভাবে পুল তিনি চান না। ক্লাব চাইলে কিছু করার নেই। ক্লাবের নির্দেশ অনুযায়ী লিগ কমিটিতে আবাহনীর প্রতিনিধির ভূমিকায় সাবেক খেলোয়াড় এহসান রানাও পুল সমর্থন করতে বাধ্য হন।হকি ফেডারেশনের অন্তর্বর্তীকালীন কমিটির সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ কাল সভার পর জানিয়েছেন, ‘পুল খেলোয়াড়দের জন্য ক্ষতিকর। অনেকে পুল চাইলেও শেষ পর্যন্ত পুল বাদ দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে কমিটি।’সম্প্রতি লিগের দাবিতে জাতীয় যুব হকির ফাইনাল পণ্ড করে দিয়েছিলেন ২৫ জন সাবেক-বর্তমান খেলোয়াড়। তাঁদের দেওয়া কারণ দর্শাও নোটিশের জবাব পাওয়া যায়নি। জবাব দেওয়ার জন্য কয়েক দিন সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে জবাব না মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।