হকিতে প্লে-অফ নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া হকি মানেই কোনো না কোনো নাটক। সর্বশেষ নাটক মঞ্চস্থ হলো গতকাল। সেটি প্রথম বিভাগের প্লে-অফ ম্যাচকে কেন্দ্র করে। গত ২৯ নভেম্বর এই লিগ শেষ হয়েছিল। লিগের শিরোপা নির্ধারণী প্লে-অফটি গতকাল হওয়ার কথা ছিল। কিন্তু পাঁচ মাস অপেক্ষার পরও তা হলো না।
পুলিশ অ্যাথলেটিক ক্লাব মওলানা ভাসানী স্টেডিয়ামে এলেও ভিক্টোরিয়া আসেনি। তাই ওয়াকওভার পেয়ে গেছে পুলিশ, প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়েই তারা উঠেছে প্রিমিয়ারে। কাল মাঠে ট্রফি দেওয়া হয়েছে পুলিশ দলকে। রানার্সআপ ভিক্টোরিয়াও উঠেছে শীর্ষ লিগে। এবং তারা প্লে-অফ না খেলেও রানার্সআপ ট্রফি নিয়েছে!
লিগ কমিটির সম্পাদক কামরুল ইসলাম কিসমত বলছেন, ‘আমরা প্লে-অফের সূচি ঠিক করার পর ভিক্টোরিয়া জানায় খেলতে পারবে না। তাদের নাকি খেলোয়াড় সংকট। তাই পুলিশ দল মাঠে আসায় ওরা ওয়াকওভার পেয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছে।’
প্লে-অফ খেলতে না আসায় প্রিমিয়ার ফুটবল লিগ থেকে দুটি দল ফেনী সকার ও উত্তর বারিধারা অবনমিত হয়েছে। হকির বাইলজে নাকি এমন কোনো ধারা নেই! তাই ভিক্টোরিয়া লিগ কমিটির সিদ্ধান্ত অমান্য করেও পার পেয়ে যাচ্ছে!