হকিতে ফাইনালের নামে সার্কাস
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল যা ঘটেছে, সার্কাসও হার মানবে। ‘যেমন খুশি তেমন সাজো’র মতো সব দৃশ্যায়ন হলো ‘খেলার স্বার্থে!’উপলক্ষ—অষ্টম ক্লাব কাপ হকির ফাইনাল। নিয়মের ব্যত্যয় ঘটে মোহামেডানের জার্সি গায়ে এক মালয়েশিয়ান খেলোয়াড়ের মাঠে নামা নিয়ে। শেষ পর্যন্ত অনেক জল ঘোলা করে ওই খেলোয়াড় খেললেন। এক ঘণ্টা ১৬ মিনিট পর মাঠে গড়াল ফাইনাল। ৭০ মিনিটের ম্যাচ আলোকস্বল্পতায় হলো ৫৫ মিনিট। ওই সময় পর্যন্ত ৪-২ গোলে এগিয়ে থাকা মোহামেডানকে ঘোষণা করা হলো চ্যাম্পিয়ন! ক্ষুব্ধ ঊষা পুরস্কার নেয়নি।পৃথিবীর কোথাও অসমাপ্ত ম্যাচে এক দলকে জয়ী ঘোষণা করার নজির খুঁজে পাওয়া যায় না। ম্যাচের বাকি অংশ পরে হওয়াটাই রীতি। কিন্তু ফাইনালে অর্থমন্ত্রীর উপস্থিতিতে ‘পুরস্কার বিতরণীর স্বার্থে!’ ১৫ মিনিট হাতে রেখে ম্যাচ শেষ করে দেওয়া হলো। যদিও ফেডারেশন বলেছে, দুদলের সঙ্গে কথা বলে ৬টা ২০ মিনিট পর্যন্ত খেলা চালানোর সিদ্ধান্ত হয়েছিল।মালয়েশিয়ান খেলোয়াড়ের নিবন্ধন করার প্রয়োজন থাকলে পরশু রাতে চিঠি পাঠিয়ে তা করতে প্রস্তুত ছিল বলে দাবি মোহামেডানের। কিন্তু লিগ কমিটির সম্পাদক আনভির আদিল নাকি তাদের জানান, খেলার ১০ মিনিট আগে রিপোর্ট করলেও চলবে। তাঁর ওই কথায় কাল মালয়েশিয়ার জাতীয় দলের স্ট্রাইকার চুয়া বুনকে নিয়ে সরাসরি মাঠে আসে মোহামেডান। কিন্তু খেলা আর শুরু হয় না।মোহামেডান অনড়, ওই মালয়েশিয়ানকে খেলতে দিতে হবে! লিগ কমিটির সম্পাদক বাইলজ দেখান, খেলোয়াড়কে আগের রাত আটটার মধ্যে নিবন্ধন করতে হবে। মোহামেডান এটা না করায় এই খেলোয়াড় খেলতে পারবেন না। তাহলে আগের রাতে মোহামেডান চিঠি দিতে চাইলে কেন খেলার ১০ মিনিট আগে এলেই চলবে বলেছেন? তাঁর যুক্তি, ‘বাইলজ অনুমোদন করলে ১০ মিনিট আগে এলে চলবে বলেছি...।’ বাইলজ কী অনুমোদন করে কী করে না—লিগ কমিটির সম্পাদকের তা জানার কথা। সরাসরি নিয়মটা জানিয়ে দিলেই সমস্যা হতো না। এ কারণে একপর্যায়ে মোহামেডানের একদল উত্তেজিত সমর্থক অবৈধভাবে মাঠে ঢুকে আনভিরকে মারতে উদ্যত হয়। তিনি দ্রুত মাঠের বাইরে এসে নিজেকে বাঁচান। নিজের ভুল বুঝতে পেরে ওই খেলোয়াড়কে না খেলানোর জন্য তাঁকে আনা বাবদ সব খরচ দেওয়ার প্রস্তাব দেন তিনি মোহামেডানকে। মোহামেডান প্রস্তাব মানেনি। একটু পরই লিগ কমিটি থেকে পদত্যাগ করেন আনভির।বাইলজ অনুমোদিত নয় বলে দাবি মোহামেডানের। তবে পদত্যাগের আগে লিগ কমিটির সম্পাদক বলে যান, ‘বাইলজ অনুমোদিত। সব ক্লাবই এতে সই করেছে।’ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিন অনেক পরে এসে পুরো ঘটনার জন্য দায়ী করেন লিগ কমিটির সম্পাদককে, ‘বাইলজে কী আছে তাঁর জানার কথা। এ ঘটনার জন্য তাঁর অযোগ্যতাই দায়ী।’ ৪টার ফাইনাল ৫টা পেরিয়েও শুরু হচ্ছে না দেখে ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান মাঠে ঢুকে মোহামেডানকে ৫ মিনিটের মধ্যে মাঠে নামার অনুরোধ করেন। তিনি অবশ্য বলেননি বিদেশি ছাড়া নামতে হবে। বিদেশিকে নিয়েই নেমে পড়ে মোহামেডান। একটু পর ঊষাও নামে। তাপ থাকল খেলাতেও। ৯ মিনিটে মাকসুদুল আলমের (হাবুল) গোলে ঊষা এগিয়ে যাওয়ার দুই মিনিট পরই পেনাল্টি কর্নারে ১-১ করলেন মোহামেডানের মামুনুর রহমান (চয়ন)। ১৭ মিনিটে আরিফুল হকের (প্রিন্স) গোলে এগিয়ে যায় মোহামেডান। পর পরই পেনাল্টি কর্নারে ২-২ করেন দিনার। ৩৪ মিনিটে মালয়েশিয়ান স্ট্রাইকার এগিয়ে দেন মোহামেডানকে। ৪৬ মিনিটে ৪-২ করেন রাহুল। ঊষা প্রতিবাদ জানিয়েই ম্যাচটা খেলেছে। তাদের দাবি, মোহামেডানের ওই খেলোয়াড়ের নিবন্ধনই হয়নি। অবৈধভাবে তাকে খেলানো হয়েছে। ফেডারেশন তাদের আশ্বাস দিয়েছে সবকিছু খতিয়ে দেখা হবে। দলটির ম্যানেজার সাবেক তারকা রফিকুল ইসলামের (কামাল) বিস্ময়, ‘দ্বিতীয়ার্ধে ২০ মিনিট খেলানোর সিদ্ধান্ত নেয় কী করে ফেডারেশন!’হকি ফেডারেশন বলেই সব সম্ভব। এটির এখন নতুন নাম হতে পারে—‘বাংলাদেশ হাস্যকর ফেডারেশন!’