হকিতে ফিরছেন রানা, জিমিরা কবে?
হকি ফেডারেশনের নির্বাহী কমিটি কাল তাঁর ঘরোয়া ও আন্তর্জাতিক হকি খেলার ওপর থেকে সব রকমের শাস্তি প্রত্যাহার করে নিল। এতে মিডফিল্ডার কামরুজ্জামান রানার খুশি হওয়াই উচিত। খুশি তিনি হয়েছেন, তবে খুব খুশি নন, কারণ, ‘আমি তো একা নিষিদ্ধ হইনি। ফেডারেশন সবার শাস্তি একসঙ্গে প্রত্যাহার করলেই বেশি খুশি হতাম।’
বাজে পারফরম্যান্স, জাতীয় দলের খেলোয়াড়দের ক্যাম্পে ঢুকতে বাধা দেওয়া, দলীয় শৃঙ্খলা ভঙ্গ—এমন সব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছর নভেম্বরে রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, ইমরান হাসান পিন্টু ও কামরুজ্জামান রানাকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় ফেডারেশন। সবচেয়ে কম শাস্তি ছিল রানার। জাতীয় দলে দুই বছর ও ঘরোয়া হকিতে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাঁকে। বাকিরা জাতীয় দলে তিন বছর ও ঘরোয়া হকিতে দুই বছর নিষিদ্ধ হন। রানার ঘরোয়া হকিতে নিষেধাজ্ঞা অবশ্য উঠে যেত ৫ নভেম্বর। তবে এখন আর তাঁর মাঠে ফিরতে আর বাধা নেই।
কাল রানার শাস্তি মওকুফের বিষয়টি নিশ্চিত করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, ‘শুধু রানার শাস্তি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ওয়ার্কিং কমিটি থেকে ওর নামই প্রস্তাব করা হয়েছিল, ওর শাস্তিও ছিল অন্যদের তুলনায় কম। সব সদস্য ওর শাস্তি প্রত্যাহারে সম্মত হয়েছেন।’
জিমিদের ব্যাপারেও ইতিবাচক মনোভাব ফেডারেশনের। যদিও এ ব্যাপারে সরাসরি কিছু বলতে চাইলেন না খাজা রহমতউল্লাহ, ‘যেহেতু ওয়ার্কিং কমিটির কাছ থেকে অন্যদের ব্যাপারে কোনো প্রস্তাব আসেনি তাই কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি। পরে যদি ওয়ার্কিং কমিটি মনে করে তাদের ব্যাপারটাও বিবেচনা করা যেতে পারে, সে ক্ষেত্রে জিবি মিটিংয়ে ওদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
রানার মতো জিমি, জাহিদ ও পিন্টুর শাস্তি প্রত্যাহার হওয়াটা এখন সময়ের ব্যাপার মনে হচ্ছে হকির এক কর্মকর্তার কাছে, ‘প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন জিমিদের শাস্তি কমানোর জন্য ওয়ার্কিং কমিটিতে প্রস্তাব দেওয়া হবে। ওদের এখন পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কিছুদিনের মধ্যে ওদের শাস্তিও তুলে নেওয়া হবে।’
বানসালকেই নিয়োগ দিল ফেডারেশন: কাল হকি ফেডারেশনের নির্বাহী কমিটি ভারতের অজয় কুমার বানসালকেই তিন মাসের জন্য কোচ নিয়োগ করেছে। যদিও এটিকে চূড়ান্ত বলছেন না খাজা রহমতউল্লাহ, ‘আমরা বানসালকে স্বল্প মেয়াদে নিয়োগ দিয়েছি। কিন্তু আগে তো তাঁকে ছুটি পেতে হবে। ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ে তিনি ছুটির দরখাস্ত দিয়েছেন। দু-এক দিনের মধ্যে জানতে পারব তিনি কবে আসবেন।’