
নেতিবাচকভাবে হলেও বাংলাদেশের ঘরোয়া হকির ইতিহাসে একটি দাগ রাখল কালকের দিনটি। শুরু হলো ক্লাব কাপ হকি। প্রায় ৪৫ মাস পর কাল একসঙ্গে মওলানা ভাসানী হকি মাঠে দেখা গেল আবাহনী-মোহামেডানকে।
এর মধ্যে আবাহনীকে মাঠে পাওয়া গেলেও মোহামেডান সর্বশেষ খেলে ২০১২ সালের ৬ আগস্ট। ওই দিন ৩-১ গোলে ঊষাকে হারিয়ে প্রিমিয়ার হকি লিগের শিরোপা জেতে তারা। এরপর হকি ফেডারেশনের নির্বাচন ঘিরে মোহামেডানসহ চার ক্লাব করে বিদ্রোহ। ফেডারেশনের সেই সময়ের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর অধীনে খেলতে অস্বীকৃতি জানিয়ে হকি বয়কট করে ওই ক্লাবগুলো। তারই জেরে প্রায় চার বছর নির্বাসনে শীর্ষ পর্যায়ের ঘরোয়া হকি। সব জটিলতা শেষ হওয়ার পর ক্লাবগুলো এখন স্টেডিয়ামমুখী। ঘরোয়া ও আন্তর্জাতিক হকিতে নিষেধাজ্ঞা কাটিয়ে কালই ক্লাবের জার্সি গায়ে মাঠে নামলেন রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, আসাদুজ্জামান চন্দন, কামরুজ্জামান রানারা। আবারও প্রাণচাঞ্চল্য ফিরল মওলানা ভাসানী স্টেডিয়ামে। গরমে দরদর করে ঘামতে ঘামতে ভিআইপি গ্যালারিতে আবাহনী-মোহামেডানের সমর্থকেরা গলার শিরা ফুলিয়ে করলেন চিৎকার। কর্মকর্তাদের মুখে দীর্ঘদিনের অদেখা প্রাণখোলা হাসি।

আবার হকিতে ফিরেই জয় পেয়েছে মোহামেডান, ক্লাব কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে ৪-২ গোলে। দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনী অবশ্য ২-২ গোলে ড্র করেছে সোনালী ব্যাংকের সঙ্গে।
এবারই প্রথম ৫ জন বিদেশি খেলোয়াড়কে খেলানোর অনুমতি দিয়েছে ফেডারেশন। সেই সুবিধা নিয়ে বড় দলগুলো বিদেশি খেলোয়াড়ের মেলা বসানো নিশ্চিত করে ফেলেছে। কিন্তু ভিসা-জটিলতায় পাকিস্তানি খেলোয়াড় আনতে না পেরে আবাহনী-মোহামেডান দুই দলকেই কাল নির্ভর করতে হয় স্থানীয় খেলোয়াড়দের ওপর। তাঁদের নিয়েই মোহামেডান অবশ্য শক্তিশালী দল, সেটি তারা দেখাল শুরুতেই। ৪ মিনিটে লালনের গোলে এগিয়ে যায় মোহামেডান। ৩৯ মিনিটে বাংলাদেশ স্পোর্টিংকে সমতায় ফেরান ইকবাল নাদির (১-১)। ৪১ মিনিটে জিমির গোলে আবার এগিয়ে যায় মোহামেডান। ৪৮ ও ৫৬ মিনিটে পরপর দুই গোল করে মোহামেডানের জয় নিশ্চিত করেন রুবেল। ৬৪ মিনিটে বাংলাদেশ স্পোর্টিংয়ের হারের ব্যবধান কমিয়েছেন বেলাল।
দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়ে ড্র করাটাই বড় কৃতিত্ব আবাহনীর। ১৫ ও ২৮ মিনিটে তাহের ও বেলালের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সোনালী ব্যাংক। এরপর ৪৪ ও ৪৬ মিনিটে খোরশেদ ও হাবুলের গোলে সমতা আনে আবাহনী।