হকিতে বিদেশিদের মেলা
পেনাল্টি শ্যুট-আউটে নিষ্পত্তি হওয়া সেমিফাইনালে হেরে ক্লাব কাপ হকিতে দর্শক মোহামেডান। আপাতত কয়েক দিন তাই ‘বেকার’ মোহামেডানে খেলতে আসা পাকিস্তানি খেলোয়াড়েরা। সময়টা কাজে লাগাতে তাঁরা শহরে ঘুরছেন, শপিং করছেন। তবে অনুশীলনটাও করছেন। ১২ মে শুরু হবে প্রিমিয়ার হকি লিগ। নতুন করে প্রস্তুতি নিতে হবে না তাঁদের!
শুধু মোহামেডানই নয়, এবার আবাহনী, ঊষা, মেরিনার্স বিদেশিনির্ভর দল গড়েছে। ছোট দলগুলো ক্লাব কাপে বিদেশি খেলোয়াড় আনতে পারেনি। তবে লিগে ঠিকই আনার পরিকল্পনা আছে। এরই মধ্যে অনেক ক্লাবে বিদেশি খেলোয়াড় যোগও দিয়েছেন।
হকিতে বিদেশি খেলোয়াড়ের আধিক্য এবারই সবচেয়ে বেশি। গত মৌসুমে ফেডারেশন চার বিদেশি খেলোয়াড় নিবন্ধনের পাশে খেলানোর অনুমতি দেয় তিনজনকে। কিন্তু এবার পাঁচ বিদেশিকে নিবন্ধন করিয়ে সবাইকেই খেলাতে পারবে। ঘরোয়া হকির এমন ‘আত্মঘাতী’ সিদ্ধান্তের সুযোগ নিয়ে বড় দলগুলো ঝুঁকে পড়েছে বিদেশি খেলোয়াড়ের দিকে। ফেডারেশন থেকে পাওয়া তথ্যানুযায়ী এবার ক্লাব কাপে ১৮ জন বিদেশি খেলেছেন। আবাহনীতে ৫ পাকিস্তানি, মোহামেডানে ৪ পাকিস্তানি, ঊষায় ৪ মালয়েশিয়ান, মেরিনার্সে ২ মালয়েশিয়ান, ২ কেনিয়ান ও ১ জার্মান খেলোয়াড়। লিগের জন্য মোহামেডানে আসছে আরও একজন—সাবেক পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ ইমরান।
ক্লাব কাপে দেশি আম্পায়ারদের সিদ্ধান্ত ক্লাবগুলো মানতে চাইত না। এ জন্য ওমান থেকে ফেডারেশন উড়িয়ে এনেছেন দুজন আম্পায়ারকে। ঘরোয়া হকিতে এবার তাই আন্তর্জাতিক আবহ।
পাকিস্তানি খেলোয়াড়েরাই ক্লাবগুলোর কাছে বেশি পছন্দের। ওয়ারী ক্লাব লিগের জন্য চার পাকিস্তানির সঙ্গে চুক্তি করেছে। এরই মধ্যে ইমরান মাহমুদ ও হাসান উবায়েরের কাগজপত্র ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দিয়েছে ক্লাবটি। বাকি দুজনের সঙ্গে আলোচনা চলছে। বাংলাদেশ স্পোর্টিংও দুজন পাকিস্তানি শাহবাজ আলী ও সেরাজ আলীকে আনছে। ভারত থেকে আসছে ইয়োগা সিং, হামনাদ সিং ও গুরবদন সিং। এই মুহূর্তে ভারতের জাতীয় দলের খেলোয়াড়েরা বেশ দুষ্প্রাপ্যই হয়ে উঠেছেন বাংলাদেশের ক্লাবগুলোর জন্য। আগামী আগস্টে রিও অলিম্পিকে খেলবে ভারত। এ জন্য খেলোয়াড়েরা বাইরের কোনো টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না। তুলনায় পাকিস্তানি খেলোয়াড়েরা সহজলভ্য। কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, সহজে ও কম পারিশ্রমিকে এঁদের পাওয়া যায়। আর পাকিস্তানিরাও বাংলাদেশে খেলতে বেশ অভ্যস্ত। মোহামেডানে খেলতে আসা রিজওয়ান জুনিয়র যেমন বলে ফেললেন, ‘এখানে খেলাটা খুবই উপভোগ করি আমরা। মোহামেডানে হলে তো কোনো কথাই নেই। শাহবাজের মতো কিংবদন্তি খেলোয়াড় এই ক্লাবে খেলে গেছেন। আমরা এখানে খুব স্বচ্ছন্দ বোধ করি।’
ফেডারেশনের কারণেই বিদেশি খেলোয়াড়ের আধিক্য। সাফল্যের আশায় অনেক ক্লাবই সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে। তবে অনেকে এটি পছন্দও করছেন না। যেমন ঊষার কোচ এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রশীদ বললেন, ‘এটা খুবই হঠকারি একটা সিদ্ধান্ত। সিদ্ধান্তটা বদলানো উচিত।’
কোন ক্লাবে কারা
আবাহনী: কাসিফ আলী, শাকিল আব্বাসি, মোহাম্মদ ইরফান, তোসিক আরশাদ, শাফকাত রাসুল (পাকিস্তান)।
মোহামেডান: সালমান হুসাইন, তাসাওয়ার আব্বাস, রিজওয়ান জুনিয়র, ওমর ভুট্টো (পাকিস্তান)।
ঊষা ক্রীড়াচক্র: শফিক বিন চোলান, ফাইজাল বিন শারি, জুলহাইরি বিন হাশিম, ইসমাইল বিন আবু (মালয়েশিয়া)।
মেরিনার্স: জিওয়া মোহন, জীবন মোহন (মালয়েশিয়া), লিনাস কিপকেমবই, ওকিও উইলস (কেনিয়া), ডম্বেরাস্কি নিকোলাই হেইঞ্জ (জার্মানি)।