হকিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানের কাছে শেষ ম্যাচে হার—এশিয়ান গেমস হকিতে বাংলাদেশকে ঠেলে দিয়েছে অষ্টম স্থানে।গত কয়েকটি এশিয়াডে খারাপ করলেও সপ্তম স্থানটা ধরে রাখা গেছে। কিন্তু এবার নামতে হলো এক ধাপ নিচে। যে ওমানের বাংলাদেশের কাছে পাত্তাই পাওয়ার কথা নয়, তারাই এখন ওপরে!প্রথমে গোল করে ওমান। তারপর ম্যাচে ফিরে বাংলাদেশ বিরতির কিছুক্ষণের পরই ৫-২ গোলে এগিয়ে যায়। কিন্তু এরপর আর বাংলাদেশকে মাঠে চেনা যায়নি। ওমান টানা চারটি গোল করে ম্যাচ জিতে নিয়েছে ৬-৫ গোলে!৫৪, ৫৬, ৫৮, ৬৯ মিনিটে হয়েছে ওই চার গোল। বাংলাদেশ দলের রক্ষণ বলতে কিছুই ছিল না। চারটিই ফিল্ড গোল। ২ মিনিটে ফিল্ড গোলে এগিয়ে যায় ওমান। ৮ মিনিট পর পেনাল্টি কর্নারে ১-১ করেন রাসেল মাহমুদ (জিমি)। ২০, ২২, ৩৩, ৪৩ মিনিটে পুষ্করের দুটি, মামুনুর ও কৃষ্ণর স্টিকে একটি করে গোল। কিন্তু তখনো বাংলাদেশ বোঝেনি শেষ দিকের ঝড়ে উড়ে যেতে হবে!বাংলাদেশের হকি এখন জাদুঘরে পাঠানোর সময় হলো বুঝি। মাঠে-মাঠের বাইরে কোথাও শৃঙ্খলা নেই। জবাবদিহির তো প্রশ্নই আসে না। কোচ পিটার গেরহার্ড আবারও বললেন, ‘এই দল আমি গড়িনি। দলের ব্যর্থতার দায়িত্বও আমার নয়।’ জার্মান ভদ্রলোক দায়িত্ব ছাড়ছেন না। আবার ফেডারেশনের কর্তাদের মুণ্ডপাত করে চলেছেন প্রতিদিনই। ‘ফেডারেশনে যারা আছে এরা কেউ হকি বোঝে না। হকির উন্নয়নে আন্তরিক নন’—বলেছেন গেরহার্ড। এদিকে পাকিস্তান মালয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে ২০ বছর পর এশিয়ান গেমস হকির সোনা উদ্ধার করেছে। দক্ষিণ কোরিয়াকে একমাত্র গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ভারত। আরব আমিরাতকে হারিয়ে (১-০) পুরুষ ফুটবলের শিরোপা জিতেছে জাপান।মেয়েদের কাবাডিতে হার: সেমিফাইনালে উঠেই পদক নিশ্চিত করেছিল মহিলা কাবাডি দল। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে তারা থাইল্যান্ডের কাছে হারল ৩৪-২৩ পয়েন্টে। তবে ছেলেদের মতো অসহায় আত্মসমর্পণ করেনি মেয়েরা।