হকিতে ভারতের লজ্জা
গ্রুপে পাঁচ ম্যাচের পাঁচটিতেই হার। ছয় দলের মধ্যে ষষ্ঠ। অলিম্পিক হকিতে লজ্জায় ডুবল ভারত। ১২ দলের অলিম্পিক হকিতে এবার সবার শেষে ঠাঁই হয় কি না ভারতের, দেখা দিয়েছে সেই শঙ্কা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ দুটি স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে আটবারের অলিম্পিক চ্যাম্পিয়নদের।এতটা খারাপ না হলেও উপমহাদেশের আরেক পরাশক্তি পাকিস্তানও সুবিধা করতে পারছে না। ছয় দলের গ্রুপে চতুর্থ। বড়জোর সপ্তম হতে পারে। সেটিও হবে পাকিস্তানের জন্য বাজে ফল। পাকিস্তান দুটি গ্রুপ ম্যাচ জিতেছে আর্জেন্টিনাকে (২-০) ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (৫-৪)। ১-১ ড্র করেছে স্পেনের সঙ্গে। ব্রিটেন ( ৪-১) ও শেষ গ্রুপ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে উড়ে গেছে (৭-০)। ভারতের হার—হল্যান্ড (৩-২), নিউজিল্যান্ড (৩-১), জার্মানি (৫-২), কোরিয়া (৪-১) এবং বেলজিয়ামের কাছে (৩-০)।এই ফলাফল দেখে কে বিশ্বাস করবে ভারত অলিম্পিক হকিতে আটবার চ্যাম্পিয়ন! সর্বশেষ অলিম্পিক সোনাটি এসেছে ১৯৮০ সালে মস্কোয়। ভারত গত বেইজিং অলিম্পিকে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। ১৯৯৬ অলিম্পিকে হয়েছে অষ্টম। র্যাঙ্কিংয়ে নামতে নামতে ঠেকেছে দশে। লন্ডন অলিম্পিকের সেমিফাইনালে ওঠাটা তাদের জন্য ছিল উচ্চাশা। তবে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়েই তারা গিয়েছিল লন্ডনে। তাই বলে এতটা খারাপ ফল? অবিশ্বাস্য ঠেকছে সবার কাছে। ভারতের সাবেকেরা সমালোচনায় মুখর। সাবেক আন্তর্জাতিক তারকা মোহাম্মদ শহীদ বলছেন, ‘এই দলের অলিম্পিকে খেলার যোগ্যতাই নেই।’ অধিনায়ক ভরত ছেত্রীর মুখে কোনো উত্তর নেই। নতমস্তকে হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘গোটা টুর্নামেন্টে আমরা একটা দল হয়ে খেলতে পারিনি। আমরা রক্ষণ সামলাতে পারিনি, পারিনি গোল করতেও। প্রতি ম্যাচেই আমরা মানসিকভাবে শুধু নিচে নেমেছি। মানসিকভাবে আমরা পুরোপুরি বিপর্যস্ত। আমাদের আরও শিখতে হবে। অনেক উন্নতি প্রয়োজন।’সাবেক অলিম্পিয়ান গুরুবক্স সিং সমাধান দেখছেন একটাই, ‘ভারতের এখন প্রয়োজন গোড়া থেকে শুরু করা। তরুণদের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। যাতে ২০২০ গেমসে ভালো করা যায়।’ ওয়েবসাইট।