হকিতে ভারতের সোনার হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথাজিতের গোলে সমতা আনল ভারত। পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে এই আনন্দকে ভারত ধরে রেখেছে ম্যাচের শেষেও l এএফপি
কথাজিতের গোলে সমতা আনল ভারত। পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে এই আনন্দকে ভারত ধরে রেখেছে ম্যাচের শেষেও l এএফপি

দুঃসময়ের দীর্ঘ প্রহর শেষে ভারতীয় হকিতে সোনালি হাসি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে এশিয়ান গেমস হকির সোনা জিতল ভারত। পাকিস্তানের দুজনকে বঞ্চিত করে ভারতের জয়ের নায়ক গোলরক্ষক শ্রীজেশ পারাত্তু রবীন্দ্রন। ১৯৯৮ ব্যাংকক এশিয়াডের পর এই প্রথম সোনার হাসি হাসল ভারতের হকি। বাকি একবারও জিতেছে ব্যাংককেই, ১৯৬৬ এশিয়াডে। এশিয়ান গেমস হকির সফলতম দল পাকিস্তান সোনা জিতেছে আটবার।
এবার গ্রুপপর্বে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল পাকিস্তান। ৩২ বছর পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এশিয়াড ফাইনালে তাই একটু হলেও এগিয়ে ছিল পাকিস্তান। কালও ৩ মিনিটেই এগিয়ে গিয়েছিল মোহাম্মদ রিজওয়ানের গোলে। দ্বিতীয় কোয়ার্টারের ১২ মিনিটে সমতা ফেরান কথাজিৎ সিং। গোটা ম্যাচে ঝুঁকির পথে হাঁটতে চায়নি কোনো দলই, দুই দলই বেছে নিয়েছিল আগে নিজের পোস্ট বাঁচিয়ে পাল্টা-আক্রমণের ওঠার পথ। মূল সময়ের খেলাটা তাই থেকে যায় ১-১ অবস্থায়। পেনাল্টি শুটআউটে পাকিস্তানই ছিল ফেবারিট। পাকিস্তানি গোলকিপার ইমরান বাটকে মনে করা হয় পেনাল্টি স্ট্রোক ফেরানোয় বিশেষজ্ঞ। এবার সেমিফাইনালে অভিজ্ঞ এই গোলকিপারের নৈপুণ্যেই মালয়েশিয়াকে হারিয়েছিল পাকিস্তান। বাট কালও ফিরিয়েছেন একটি শট। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক ছাড়িয়ে গেছেন তাঁকে। দারুণ দক্ষতায় দুটি শট ফিরিয়ে ম্যাচের নায়ক শ্রীজেশ। টেন স্পোর্টস, এনডিটিভি।