হকিতে শুধুই ক্যাম্প, নেই প্রস্তুতি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় এশিয়ান গেমস হকির বাছাইপর্ব ১৫-২৩ মার্চ। মওলানা ভাসানী স্টেডিয়ামে ৯টি দেশের এই আয়োজন সামনে রেখে বিকেএসপিতে চলছে বাংলাদেশ দলের ক্যাম্প। ক্যাম্পই সার, প্রস্তুতি ম্যাচ কোথায়?

ফেডারেশন কর্তারা এই আয়োজন সফল করতে ঘুরছেন মন্ত্রণালয়ে। গতকাল দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে ব্যস্ত দেখা গেল কর্তাদের। ভালো ফল করতে দলের কী প্রয়োজন, সেসব নিয়ে ভাবার সময় কম!

কোচ নাভিদ আলম আর কী করবেন, গত্বাঁধা অনুশীলন করিয়ে যাচ্ছেন। তাতে কতটা কী হবে কে জানে! কারণ, ভালো প্রস্তুতি ম্যাচ খেলা তো দরকার। নাভিদ ফেডারেশনের কাছে কয়েকটা প্রস্তুতি ম্যাচ চেয়েছিলেন। কিন্তু ফেডারেশন বরাবর যেভাবে কার্যকর অনুশীলন ম্যাচ আয়োজনে ব্যর্থ হয়, এবারও তাই। খাজা রহমতউল্লাহর নেতৃত্বে এই ফেডারেশন অনেক কাজে ব্যস্ত। পাকিস্তান থেকে একজন গোলরক্ষক কোচ আনলেও অনুশীলন ম্যাচ নিয়ে তাদের উদাসীনতা বেরিয়ে পড়ছে।

নাভিদ ফেডারেশনের বিরুদ্ধে সাধারণত কিছু বলেন না। মানিয়ে চলেন। হয়তো ‘বলে লাভ নেই’, এমনটাই ধরে নিয়েছেন। কিন্তু বাস্তবতা তো আর আড়াল করতে পারবেন না। বলছেন, ‘কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারছি না আমরা। এটা আমাদের জন্য বড় সমস্যা। এসব টুর্নামেন্টে খেলার জন্য অন্য দলগুলো ঠিকই ভালো প্রস্তুতি নিয়ে আসবে।’

অন্যরা শক্তিতে পিছিয়ে থাকতে পারে, কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে বাংলাদেশের মতো এত উদাসীন নয়। বড় কোনো টুর্নামেন্টের আগে বিদেশি দল ঢাকায় এনে অথবা দল বাইরে পাঠিয়ে অনুশীলন ম্যাচ খেলানো সময়ের দাবি। সেটিই করতে পারছে না হকি ফেডারেশন। সেই নিজেরা ভাগ হয়ে নামকাওয়াস্তে দু-একটা ম্যাচ খেলিয়েই দায়িত্ব শেষ করেন কর্তারা, যেটিকে আদৌ প্রস্তুতি ম্যাচ বলা যায় না।

তবে এই টুর্নামেন্টটা তুলনামূলক সহজই হওয়ার কথা বাংলাদেশের জন্য। এখানে বেশির ভাগ দলই বাংলাদেশের চেয়ে শক্তিতে পিছিয়ে। তার পরও অনুশীলন ম্যাচের প্রয়োজন দেখছেন খেলোয়াড়েরা। ভালো ফলের অন্যতম পূর্বশর্তও সেটি। প্রস্তুতি ম্যাচের ব্যাপারে ফেডারেশনের এমন গা-ছাড়া মনোভাব হকির জন্য খারাপ বার্তাই নিয়ে আসছে।

গ্রুপ পর্বে বাংলাদেশ

১৫ মার্চ                  বাংলাদেশ-হংকং

১৮ মার্চ                  বাংলাদেশ-সিঙ্গাপুর

২০ মার্চ                  বাংলাদেশ-ইরান

সব ম্যাচ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে