>আর মাত্র কয়েক দিন। দেখতে দেখতে শেষ হয়ে এল ২০১৬। খেলাধুলার জগতে কেমন গেল বছরটা? পেছনে ফিরে তাকালে উঠে আসবে হাসি-কান্না-প্রাপ্তি-অপ্রাপ্তির কত উপাখ্যান! ধারাবাহিক বর্ষপরিক্রমায় আজ থাকছে বাংলাদেশের হকি

ঝিমিয়ে পড়া হকিটা নতুন করে প্রাণ পেয়েছে এ বছর। উদীয়মান খেলোয়াড়দের নিয়ে গড়া জাতীয় দল যেন মেলে ধরেছে সম্ভাবনার নতুন দিগন্ত।
ইউরোপিয়ান কোচ অলিভার কার্টজের সঙ্গে চুক্তি নিয়ে টালবাহানা, ঘরোয়া হকিতে মেরিনার্স ক্লাব কর্মকর্তাদের তাণ্ডব, বিদেশি আম্পায়ারদের শারীরিক লাঞ্ছনা—বছরজুড়ে হকি এমন নানা নেতিবাচক খবর জুগিয়েছে। তবে এত নেতিবাচক খবরের ভিড়ে আশার আলো বাংলাদেশের তরুণ খেলোয়াড়েরা।
ঢাকায় গত সেপ্টেম্বরে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে প্রথম ম্যাচেই বাংলাদেশ হারিয়ে দেয় শক্তিশালী ভারতকে। পরের ম্যাচে ওমানের বিপক্ষে জেতে ১০-০ গোলে। সেমিফাইনালে চীনা তাইপেকে হারায় ৬-১ গোলে। ফাইনালে ভারতের কাছে শেষ মুহূর্তে হারে ৪-৫ গোলে। তারপরও এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি অনেক। সেরা খেলোয়াড় বাংলাদেশের রোমান সরকার, সর্বোচ্চ গোলদাতা আশরাফুল ইসলাম (১২টি)।
এর চেয়ে এক ধাপ এগিয়ে ছিল জাতীয় দল। হংকংয়ে এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপ পর্বে হংকং ও চীনা তাইপেকে ৪-২ ও ম্যাকাওকে ১৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠে বাংলাদেশ। সেমিফাইনালে সিঙ্গাপুরকে হারায় ৮-০ গোলে; ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ৩-০ গোলে। পাঁচ ম্যাচে ৩২ গোল করে বাংলাদেশ। এই ফল জিমি-চয়নদের মধ্যে বুনে দিয়েছে আগামী বছর এশিয়া কাপ ও বিশ্ব হকি লিগে ভালো করার স্বপ্ন।
প্রায় তিন বছর পর হকির দলবদল শুরু হয় এ বছরের জানুয়ারিতে। যদিও গ্রেডিং নামের অদৃশ্য শেকলে বাঁধা পড়ায় এবারের দলবদলে পারিশ্রমিক নিয়ে সন্তুষ্ট হতে পারেননি খেলোয়াড়েরা। এক মৌসুম পর প্রথম বিভাগ হকি লিগ মাঠে ফেরে গত ৩০ অক্টোবর। ১১ দলের এই লিগে অবনমন ছিল না। এ বছরের শুরুতে এসএ গেমসে (দক্ষিণ এশিয়ান) ব্রোঞ্জ জেতে বাংলাদেশ।
আন্তর্জাতিক টুর্নামেন্টের পাশাপাশি ঘরোয়া হকিতেও ব্যস্ত ছিলেন খেলোয়াড়েরা। জাতীয় মহিলা হকি হয়েছে এ বছরের ফেব্রুয়ারিতে। নতুন চ্যাম্পিয়ন ঝিনাইদহ। প্রায় চার বছর পর মাঠে ঘরোয়া হকির সবচেয়ে বড় প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার হকি লিগের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ক্লাব কাপ হকি। যে টুর্নামেন্টে অংশ নেয় দেশের দুই বড় ক্লাব আবাহনী ও মোহামেডান। ঘরোয়া হকিতে এবার আনা হয়েছে বিদেশি আম্পায়ার। ক্লাব কাপের সেমিফাইনাল ও ফাইনালের পর প্রিমিয়ার লিগের ম্যাচও পরিচালনা করেছেন বিদেশি আম্পায়াররা।
প্রিমিয়ার লিগে মোহামেডানের প্রায় সব ম্যাচেই হয়েছে গন্ডগোল। রেলওয়ের বিপক্ষে মোহামেডান সর্বোচ্চ গোলের রেকর্ড করেছে ১৯ গোল দিয়ে। যার ১১টিই করেন রাসেল মাহমুদ জিমি। ঘরোয়া হকিতে এক ম্যাচে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ডও এটি। অন্যদিকে কলঙ্কের কালি ছিটিয়েছে মেরিনার্স ক্লাব। লিগের শেষ ম্যাচে ক্লাবটির সমর্থকদের হামলায় ভিআইপি বক্স হয় লন্ডভন্ড। ২৭ বছর পর ওই দিনই লিগ চ্যাম্পিয়ন হয় মেরিনার্স।