হকিতে সুবাতাস ও একটি ফ্লাডলাইটের আক্ষেপ

সেই চেনা চত্বরটি আবার যেন আনন্দ নগরী। লোকে খেলা দেখতে আসছে, গোল হলে চিৎকার করছে। দলের জয়ে স্লোগান দিতে এদের ক্লান্তি নেই। এরা হকি সমর্থক। অনেক দিন পর মাওলানা ভাসানী স্টেডিয়ামে এসে হকির ম্যাচ খেলার সুযোগ পেয়ে এরা উচ্ছ্বসিত।
প্রায় চার বছর পর মাঠে গড়াল ক্লাব কাপ হকি, যা তপ্ত মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো। গত বছর দুয়েক ঘরোয়া খেলা হয়নি বলে খাঁ খাঁ করছিল হকি অঙ্গন। এর আগের দুই বছর খেলা হলেও পরাক্রমশালী মোহামেডানসহ কয়েকটি দল না খেলায় ঘরোয়া হকি আকর্ষণ জাগাতে পারেনি। হারিয়ে যাওয়া সেই আকর্ষণ আবার ফিরে আসা হকির জন্য মস্ত বড় এক সুখবর।
গতকাল বুধবার হকি মাঠে মুখোমুখি হয়েছিল দুই প্রধান দল আবাহনী ও মোহামেডান। তিন বছর আট মাস পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই, ভাবা যায়! সংগঠকদের দলাদলি, ক্ষমতার দ্বন্দ্ব কুরে কুরে খাচ্ছিল সম্ভাবনাময় হকিকে। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহকে না সরালে ‘কখনোই আর খেলব না’ বলে গোঁ ধরে বসে ছিল মোহামেডানের নেতৃত্বে কয়েকটি দল। এই জোটের কাছে সব স্তব্ধ হয়ে যায়, হকি হারাতে বসে খেলোয়াড়দের স্টিক থেকে। অনেকে পাড়ি জমান বিদেশে, অনেকে জীবন চালাতে ঢুকে পড়ে অতি সাধারণ কোনো কাজে। জাতীয় দলের এক খেলোয়াড় তো দিয়ে বসেন জুতার দোকান!
সেই দুঃসহ দিন শেষে সামনে আলোর রেখা। মোহামেডান জোটের চাওয়া পূরণ, ফেডারেশনের এসেছে নতুন সাধারণ সম্পাদক, যা আশাবাদী করে তুলছে সবাইকে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রশিদ যেমন আবাহনী-মোহামেডান ম্যাচ দেখতে দেখতে বলছিলেন, ‘ক্লাব কাপে কী প্রতিদ্বন্দ্বিতা দেখছেন, প্রতিদ্বন্দ্বিতা কাকে বলে সেটা দেখা যাবে লিগে। বিদেশি খেলোয়াড় আসছে প্রচুর এবং আমার মনে হয় দারুণ লিগ হবে এবার।’
তেমন আশার রেনু আসলে উড়ছে গোটা হকিতেই। রফিকুল ইসলাম কামালই–বা বাদ যাবেন কেন? জাতীয় দলের সাবেক স্ট্রাইকার আবার যেন নড়েচড়ে বসলেন, ‘এখন পর্যন্ত সবই ইতিবাচক লাগছে। দেখা যাক সামনে কী হয়। আমি আশাবাদী হতে চাই, দারুণ একটা সময় হকির সামনে।’
মুশকিলটা হলো, হকিতে ‘ভালো সময়’ সহ্য হয় না অনেকের। মাঠে বা মাঠের বাইরে একটা অপ্রয়োজনীয় গোলমাল লাগিয়ে সবকিছু পণ্ড করার সুযোগ খোঁজা লোকের অভাব নেই। ফলে, আশার বেলুন ফোলাতে সাবধানী থাকতে চান আবাহনীর কোচ মাহবুব হারুন, ‘খেলাটা শুরু হয়েছে এটা ভালো খবর। কিন্তু এই ধারাটা অব্যাহত থাকবেই এটা আমি কীভাবে বলব! আমাদের দেশের অতীত রেকর্ড তো ভালো নয়। তারপরও ভালোটাই প্রত্যাশা করছি।’
অন্য বছর ভারত, পাকিস্তান থেকেই মূলত বিদেশি খেলোয়াড় আসতেন, দু-একজন এসেছেন মালয়েশিয়া থেকে। এবার পাঁচজন বিদেশি খেলানোর সুযোগ। আসছেন প্রচুর বিদেশি। ভারত অলিম্পিকের প্রস্তুতি নিতে থাকায় সে দেশের খেলোয়াড় এবার পাওয়া যাচ্ছে না। পাকিস্তানের খেলোয়াড় বন্যার পানির মতো। কেনিয়া থেকেও খেলোয়াড় আসছেন এই প্রথম, জার্মানি থেকেও। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে এ নিয়ে অসন্তোষ থাকলেও বিদেশিরা আসায় প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে।
ক্লাব কাপ শেষে মাঠে গড়াবে লিগ। সেটা ভালোয় ভালোয় শেষ করা নিয়ে হকি ফেডারেশন একদিকে যেমন আশায় আছে, আছে শঙ্কাও। হকি লিগের অতীত ইতিহাস যে ভালো নয়। খেলায় গোলমাল মারামারি নিত্যসঙ্গী।
এবার অবশ্য গোলমাল হবে না বিশ্বাস আবদুস সাদেকের। গত নভেম্বরে ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রতি সব দলই ইতিবাচক মানসিকতা দেখাচ্ছে। মেঘ কেটে তাই দেখা দিয়েছে সূর্য। সেই সূর্যের তাপ থাকবে, তা যেন আবার মেঘের আড়ালে হারিয়ে না, যায় সেই প্রত্যাশা দেশের সবচেয়ে বড় হকি তারকা রাসেল মাহমুদ জিমির, ‘খেলা শুরু হয়েছে, এটা খেলোয়াড়দের জন্য দারুণ সুখবর। আমরা চাই খেলাটা অব্যাহত থাকুক। আর যেন কোনো কারণে খেলাটা হারিয়ে না যায়। এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া।’
সেই চাওয়া পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করছেন এ দেশের হকির কিংবদন্তি আবদুস সাদেক। কিন্তু একটা জায়গায় তিনি থেমে যাচ্ছেন। ঘরোয়া আয়োজনই তো সব নয়, চাই আন্তর্জাতিক আসরও। কিন্তু সবেধন নীলমণি মাওলানা ভাসানী স্টেডিয়ামে ফ্লাডলাইট না থাকায় বড় বিপাকেই পড়েছে বাংলাদেশ। সাদেকের তাই আক্ষেপের শেষ নেই, ‘আমরা এখন আন্তর্জাতিক হকি ফেডারেশনের কাছে কোনো টুর্নামেন্ট চাইলে তারা বলে, তোমাদের ফ্লাডলাইট নেই। কাজেই খেলা দিতে পারবে না। একটা ফ্লাডলাইট যে কতটা জরুরি তা আর বলে বোঝানোর নয়।’