পেছাতে পেছাতে শেষ ম্যাচে লক্ষ্যটা হয়ে দাঁড়িয়েছিল সপ্তম হওয়া। কিন্তু কাল সনহাক হকি স্টেডিয়ামে স্থান নির্ধারণী ম্যাচে ওমানের কাছে ২-৩ গোলে হেরে বাংলাদেশ হয়েছে অষ্টমই। গত গুয়াংজু এশিয়ান গেমসেও বাংলাদেশ হকি দল শেষ করেছিল অষ্টম হয়ে।
ম্যাচের শুরুতে বাংলাদেশ দল ভালোই খেলছিল। প্রথমার্ধটা নিয়ন্ত্রণেই ছিল বলা যায়। কিন্তু খেই হারিয়ে ফেলে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন পুস্কর খীসা। প্রথমার্ধে ওই এক গোলেই এগিয়ে ছিল বাংলাদেশ দল। ৩৩ মিনিটে ম্যাচে সমতা নিয়ে আসেন ওমানের আহমেদ সাবিল হাবিব আল বালুসি। চার মিনিট পর আরও একটি গোল করে ওমানকে এগিয়ে দেন কাসিম মুসা খালফান আল শিবলি। ৩৯ মিনিটে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান কৃষ্ণ কুমার দাস। শেষ পর্যন্ত ওমান ম্যাচটা জিতে যায় ৪৫ মিনিটের সময় খাতাব রজব বাসিমের দেওয়া গোলে।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে যথারীতি হতাশাই প্রকাশ করলেন বাংলাদেশের পাকিস্তানী কোচ নাভিদ আলম। পরাজয়ের কারণ হিসেবে বলেছেন একের পর এক গোল মিস করার কথা, ‘আমাদের ছেলেরা খারাপ খেলেনি। তবে তারা অনেক বেশি গোল মিস করেছে। অবিশ্বাস্য সব মিস!’ কোচের দাবি, বাংলাদেশ দল কাল যেভাবে খেলেছে, তাতে এশিয়ান গেমসের বাছাইপর্বের ব্যবধানেই (৬-১) হারানো উচিত ছিল ওমানকে।
হকি ফেডারেশনের সঙ্গে এই এশিয়ান গেমস পর্যন্তই চুক্তি ছিল নাভিদ আলমের। এশিয়ান গেমসে পাঁচ ম্যাচের মধ্যে চারটাতেই হারার পরও তাঁর দাবি, ‘১৪ মাস আগে আমি যখন দায়িত্ব নিই, তখন দলে অনেক সমস্যা ছিল। এখন ছেলেরা অনেক বেশি আত্মবিশ্বাসী। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা তৈরি হয়েছে তাদের মধ্যে।’ জাপানের বিপক্ষে প্রথম ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই দলের পারফরম্যান্সে ধারাবাহিক উন্নতি দেখেন কোচ। তার পরও তাঁর চোখে কালকের ম্যাচে হারের কারণ, ‘ওমান সুযোগ কাজে লাগিয়ে তিন গোল করেছে। অন্যদিকে আমরা খুব বেশি গোল মিস করেছি।’