হকিতে সেরা দলই গড়ল মোহামেডান
ক্রিকেট-ফুটবলে সাম্প্রতিক সময়ে তেমন সাফল্য নেই মোহামেডানের। হকি দিয়ে যেন সেই ব্যর্থতা ঘোচানোর চেষ্টা করছে ক্লাবটি। এবারের দলবদলে হকিতে সবচেয়ে বড় বাজেটের দল গড়েছে সাদা-কালোরা। মোহামেডান আসলে ঘর গুছিয়েছে সবার আগে। কাল শুধু আনুষ্ঠানিকতাটা সারল। প্রায় কোটি টাকা বাজেটের দলে নাম লিখিয়েছেন মশিউর রহমান (বিপ্লব), ইমরান হোসেন (পিন্টু), তাপস বর্মণ, শেখ মোহাম্মদ নান্নু, আশিক উজ্জামান, মাহবুব উল্লাহ শাকিলদের মতো জাতীয় দলের খেলোয়াড়েরা। গত মৌসুমে মোহামেডানে খেলা রাসেল মাহমুদ (জিমি), মামুনুর রহমান (চয়ন) ও কামরুজ্জামানও থেকে যাচ্ছেন পুরোনো দলেই।অনেক দিন পর হকির দলবদলেও দেখা গেল আনন্দের আবহ। বাদ্য বাজিয়ে, ঘোড়ার গাড়িতে চড়ে স্টেডিয়ামে এলেন খেলোয়াড়েরা। ম্যানেজার আরিফুল ইসলাম (প্রিন্স) এই দল নিয়ে অত্যন্ত আশাবাদী, ‘এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গড়েছি।’ স্ট্রাইকার রাসেল মাহমুদের কথা, ‘একটা ব্যালান্সড দল হয়েছে।’ কাল মোহামেডানের হয়ে নাম লেখালেন ১০ জন খেলোয়াড়। গত পরশু চারজনের পর ঊষা কাল নিবন্ধন করিয়েছে আরও ১০ জন। এ ছাড়া মেরিনার ইয়াংসে নয়জন, সাধারণ বীমা ও বাংলাদেশ এসসিতে ছয়জন করে, অ্যাজাক্সে তিনজন, ওয়ারী ক্লাবে দুজন ও সোনালী ব্যাংকে একজন নাম লিখিয়েছেন।