হকিতে 'বিতর্কিত' কোচ!
কোচ নিয়োগ নিয়ে হকি ফেডারেশনে নাটক চলছেই। দক্ষিণ আফ্রিকান কোচ জাইলস বনেট অনাগ্রহ দেখানোর পর কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন জার্মানির গেরহার্ড পিটার। কিন্তু এক অদৃশ্য কারণে সেই তালিকা থেকে বাদ পড়ে যান সদ্য প্রিমিয়ার লিগে মেরিনার্সকে চ্যাম্পিয়ন করে তোলা জাতীয় দলের সাবেক কোচ। পিটারের বদলে এবার কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জার্মানির অলিভার কার্টজ। বাংলাদেশ জাতীয় দলে পিটারের সহকারী হিসেবে এর আগে কাজ করেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে এই কার্টজকে কোকেন নেওয়ার অপরাধে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)।
অলিভার কার্টজের কোচিং প্রোফাইলও খুব সমৃদ্ধ নয়। এর আগে মিসর জাতীয় দলের কোচ ছিলেন। সর্বশেষ ছিলেন ওমান জাতীয় দলের সঙ্গে। কিন্তু ওমান দলের খারাপ ফলের কারণে কার্টজকে গত ডিসেম্বরে অব্যাহতি দেয় ওই দেশের ফেডারেশন। খেলোয়াড়ি ক্যারিয়ারে ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকের সোনাজয়ী জার্মান দলের সদস্য ছিলেন তিনি। তবে ওই সময় কোকেন নেওয়ার দায়ে নিষিদ্ধও হন।
এমন ‘বিতর্কিত’ কোচকে কেন নিয়োগ দেওয়া হবে, জানতে চাইলে হকি কোচ বাছাই কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ আল মুনীর বলেন, ‘আমরা এখনো তাঁকে চূড়ান্ত নিয়োগ দিইনি। আমাদের চার সদস্যের একটা কমিটি রয়েছে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি কোকেন নিয়েছিলেন কিনা সেটাও জানতে চাইব আমরা।’ তবে হঠাৎ করে এই কোচকে নিয়ে এমন প্রশ্ন ওঠায় তিনি বিস্মিত, ‘এর আগেও তো তিনি কাজ করেছেন বাংলাদেশে। তখন তো কোনো প্রশ্ন ওঠেনি! এখন নিশ্চয়ই কোনো এক পক্ষ চাইছে যাতে তিনি এখানে কাজ করতে না পারেন।’
হংকংয়ে আগামী নভেম্বরে হবে এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ হকি। এই টুর্নামেন্টের জন্য কোচ নিয়োগের এই প্রক্রিয়া। কোচ, টেকনিক্যাল ডিরেক্টর, ফিজিও ও ভিডিও অ্যানালিস্ট সব মিলিয়ে একটি পূর্ণ কোচিং প্যানেল নিয়োগের চিন্তাভাবনা করছে ফেডারেশন। হংকং যাওয়ার আগে জার্মানিতে খেলোয়াড়দের এক মাসের কন্ডিশনিং ক্যাম্প করানোরও পরিকল্পনা আছে।