হকিতে অধরা জয়টা আজই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৬০ ঘণ্টার ভ্রমণক্লান্তি। এর পরপরই টানা দুই দিন খেলতে হয়েছে টানা দুটি ম্যাচ। এশিয়ান গেমসে জাপানের কাছে ৮ গোল ও মালয়েশিয়ার কাছে ৫ গোল খেয়ে মানসিকভাবে ক্লান্ত বাংলাদেশ হকি দলের দরকার ছিল একটু বিশ্রামের। কোচ নাভিদ আলম ছেলেদের বিশ্রামই দিয়েছেন, কাল কোনো অনুশীলন রাখেননি। শুধু আধা ঘণ্টা হালকা স্ট্রেচিং করিয়েছেন। দিনের বাকি সময়টা চয়ন-মিমোরা ইচ্ছেমতো ঘুরেছেন ইনচনের গেমস ভিলেজ ও আশপাশের এলাকায়।

হারের জ্বালাটা একটু ভুলতে একটা জয় খুবই দরকার বাংলাদেশের। আজ সিঙ্গাপুরের বিপক্ষে আসতে পারে কাঙ্ক্ষিত সেই জয়। দুই দলের মধ্যে জয়-পরাজয়ের পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে। বাংলাদেশের জয় আট ম্যাচের ছয়টিতেই, সঙ্গী একটি করে হার ও ড্র। সর্বশেষ তিন সাক্ষাতেও জিতেছে বাংলাদেশই। ২০১২ এএইচএফ কাপে ৪-১ গোলে, একই বছর বিশ্ব হকি লিগে ৪-২ গোলে। সর্বশেষ গত মার্চে ঢাকায় এশিয়ান গেমসের বাছাইয়ে বাংলাদেশ জিতেছে ২-০ গোলে।