হকিতেও শুভসূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের হ্যাটট্রিক-হিরো অধিনায়ক মামুনুর । প্রথম আলো
বাংলাদেশের হ্যাটট্রিক-হিরো অধিনায়ক মামুনুর । প্রথম আলো

মিরপুরে যখন আফগানিস্তানকে হেসেখেলে হারাল ক্রিকেট দল, প্রায় একই সময়ে হকি মাঠেও দাপট দেখাল বাংলাদেশ। এশিয়ান গেমস হকির বাছাইপর্বে কাল হংকং উড়ে গেছে স্বাগতিকদের কাছে। জয়ের ব্যবধান ৫-১।
বাংলাদেশ কোচ নাভিদ আলম ম্যাচের আগে বলেছিলেন, ‘প্রতিটি ম্যাচই ফাইনালের মতো খেলব।’ এটা তাঁর মুখের কথা, হংকংকে বড় ব্যধানেই হারানোর ছকই আসলে কষছিলেন ভেতরে ভেতরে। চেয়েছিলেন অন্তত ৮ গোল। কিন্তু ৫ গোল করে থামতে হলো বলে ম্যাচ শেষে হতাশার সুর নাভিদের কণ্ঠে, ‘৫টি গোল করেছি আমরা, কিন্তু নষ্ট হয়েছে ৬টি। গোল মিস নিয়ে কাজ করতে হবে।’
ফেডারেশনের নিষেধাজ্ঞার কারণে জিমি, জাহিদসহ চার অভিজ্ঞ খেলোয়াড় নেই দলে। এই সুযোগে কাল অভিষেক হয়েছে রাব্বি, রেজাউল ও বেলালের। তবে একঝাঁক নবীন নিয়ে গড়া দলটি প্রথমার্ধে সেভাবে গুছিয়ে খেলতে পারছিল না। প্রথম গোল পাওয়ার পর অবশ্য আস্তে আস্তে ঔজ্জ্বল্য ছড়িয়েছে বাংলাদেশ।
হ্যাটট্রিক করেছেন অধিনায়ক মামুনুর রহমান (চয়ন)। প্রথম তিনটি গোলই তাঁর। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ড্র্যাগফ্লিকে প্রথম গোল। ৩২ মিনিটে সেই পেনাল্টি কর্নার থেকেই ২-০। তৃতীয় গোল ৪৫ মিনিটে। ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক হ্যাটট্রিক পূর্ণ করলেন বাংলাদেশের এই পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। ৫৪ মিনিটে নিলয়ের হিট থেকে কৌশিকের ফ্লিকে ৪-০। পঞ্চম গোল নিলয়ের। ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরিফ একটি গোল শোধ করেন।
সিঙ্গাপুরের জয়: নাটকীয় ম্যাচে ইরানকে ৩-২ গোলে হারিয়েছে সিঙ্গাপুর। ৬০ মিনিট পর্যন্ত ২-০-তে এগিয়ে থাকা ইরান শেষ মিনিটের গোলে হেরেছে। এই সিঙ্গাপুরের বিপক্ষেই আগামীকাল খেলবে বাংলাদেশ।