হকির অনুশীলন ম্যাচে ভারতের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপের আগে জাতীয় হকি দলকে ঢাকায় গোটা চারেক অনুশীলন ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছে হকি ফেডারেশন। প্রতিপক্ষ হিসেবে ভারতের কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ করে শেষ পর্যন্ত একটি দলকে আনার ব্যাপারটা চূড়ান্ত হয়েছে। ১০ দলের ভারতীয় প্রিমিয়ার লিগের অন্যতম দল ফুড করপোরেশন অব ইন্ডিয়া (এফসিআই) আসছে।জাতীয় হকি দলের অন্যতম নির্বাচক মামুনুর রশিদ কাল জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ১২ আগস্ট এফসিআই ঢাকায় আসবে। ১৩, ১৪, ১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে তাদের চারটি প্রীতি ম্যাচ খেলার কথা।হকি ফেডারেশন চেষ্টা করেছিল, ভারতের প্রিমিয়ার লিগের দুই প্রধান ওএনজিসি বা এয়ার ইন্ডিয়াকে আনতে। কিন্তু ওএনজিসি আসতে পারবে না। এয়ার ইন্ডিয়ার কোচ ও ম্যানেজার এখন ধনরাজ পিল্লাই। তিনি জানিয়েছেন, এয়ার ইন্ডিয়া ১০ আগস্ট কানাডায় যাবে খেলতে। কাজেই পাওয়া যাচ্ছে না তাদেরও।বাংলাদেশ দল আগামী ২২ আগস্ট পাকিস্তানের সঙ্গে একটি অনুশীলন ম্যাচ খেলতে পারে। সেটি অবশ্য এশিয়া কাপের ভেন্যু মালয়েশিয়ার ইপোতে যাওয়ার পর। বাংলাদেশের পাকিস্তানি কোচ নাভিদ আলমের মাধ্যমে ম্যাচটি আয়োজন করা হচ্ছে। ২৫ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ।