হকির ওপর চটে আছে বিওএ
দলবদলের দাবিতে নিজেদের অবস্থানে এখনো অনড় রাসেল মাহমুদ জিমিরা। এসএ গেমসের ক্যাম্পে ডাক পেয়েও যাবেন না বলে আগেই জানিয়েছিলেন জাতীয় হকি দলের এই খেলোয়াড়েরা। বিকেএসপিতে কাল পর্যন্ত ক্যাম্পে যোগ দেননি দলবদলের দাবিতে আন্দোলনরত একজন খেলোয়াড়ও।
প্রাথমিক দলের ৫৪ জনের মধ্যে রিপোর্ট করেছেন মাত্র ১২ জন। এর মধ্যে বিকেএসপির ১০ জন এবং বিমানবাহিনীর ২ জন খেলোয়াড়। তবে মুঠোফোনে কোচ মাহবুব হারুনের কাছে রিপোর্ট করেছেন নৌবাহিনী এবং সেনাবাহিনীর সাতজন করে খেলোয়াড়।
জাতীয় দলের মূল শক্তি অবশ্য ক্লাবের খেলোয়াড়েরা। এঁদের একজনও যোগ না দেওয়ায় বেশ চটেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। যদি শেষ পর্যন্ত এই ২৮ জন খেলোয়াড় ক্যাম্পে যোগ না-ই দেন, তাহলে দ্বিতীয় সারির দলকে এসএ গেমসে পাঠাবে না বলে জানিয়েছে বিওএ।
কাল তো বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এক রকম হুমকিই দিলেন, ‘আমরা কোনো বি টিম বা সি টিম এসএ গেমসে পাঠাব না। জাতীয় দলের মূল খেলোয়াড়দের ছাড়া দল গঠন করা হলে তা গ্রহণযোগ্য হবে না।’
এ ব্যাপারে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া গেছে। কোচ মাহবুব হারুন অবশ্য আশাবাদী যে ক্যাম্প বর্জনকারী খেলোয়াড়দের দ্রুতই ক্যাম্পে আনতে পারবে ফেডারেশন, ‘আমাকে ফেডারেশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা ক্যাম্পে যোগ দেবে, তাদের নিয়েই অনুশীলন শুরু করতে। ফেডারেশন আমাকে আশ্বাস দিয়েছে যে দু-এক দিনের মধ্যেই ওদের ক্যাম্পে পাঠানো হবে। মূল দলটি পেলে দেশবাসীকে ভালো ফল উপহার দেওয়ার চেষ্টা থাকবে।’