হকির চোখ তবু রুপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>১২তম দক্ষিণ এশীয় গেমসের পর্দা উঠবে ৫ ফেব্রুয়ারি। ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা ঘিরে বাংলাদেশের প্রস্তুতি কেমন? গেমসের বিভিন্ন খেলায় আমাদের সাফল্যই বা কী? এসএ গেমসের প্রস্তুতি নিয়ে এই ধারাবাহিকে আজ হকি
রাসেল মাহমুদ জিমি: হারাতে চান পাকিস্তানকে
রাসেল মাহমুদ জিমি: হারাতে চান পাকিস্তানকে

প্রিয় খেলোয়াড় আর্জেন্টিনার গঞ্জালো পিলাট। তাঁর পেনাল্টি কর্নারের ভিডিও দেখে নিজেও তা রপ্ত করার চেষ্টা করছেন আশরাফুল ইসলাম। নবাগত এই খেলোয়াড়ই এখন বাংলাদেশ জাতীয় হকি দলের নতুন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। বিকেএসপির উচ্চমাধ্যমিকের ছাত্রের কাছে এসএ গেমসে গোল চায় বাংলাদেশ।
কদিন আগে ঢাকায় বিজয় দিবস হকিতে পেনাল্টি কর্নারে ১১টি গোল করেছেন আশরাফুল, সেখানে পরীক্ষিত সৈনিক মামুনুর রহমান চয়নের গোল মাত্র দুটি। চয়নকে বাদ দিতে তাই দ্বিধা করেননি কোচ মাহবুব হারুন। তাঁর বদলে আসা আশরাফুলে ফুরফুরে হাওয়া বইছে এসএ গেমসের হকি দলের অন্দরে।
তাতেও তো গেমস হকির পদক তালিকায় হেরফের হওয়ার সম্ভাবনা থাকে না। এশীয় হকির দুই পরাশক্তি ভারত-পাকিস্তানের জন্য ওপরের দুটি জায়গা বরাদ্দ রাখাই ভালো। তৃতীয় স্থানটাই বরং বাংলাদেশের সামনে খোলা। এসএ গেমসের ছোট্ট রোল অব অনারটাও সেটাই বলছে।
২০০৬ কলম্বোয় তো ব্রোঞ্জও মেলেনি! ম্যাচের ১২ মিনিটে জিমির লাল কার্ডে সর্বনাশ, শ্রীলঙ্কার কাছে হেরে শূন্য হাতে বিদায়। সেই শ্রীলঙ্কাকে হারিয়ে গতবার ব্রোঞ্জ পুনরুদ্ধার করতে পারা বাংলাদেশের জন্য ছিল তৃপ্তির। গুয়াহাটিতেও বাংলাদেশের মূল লড়াই শ্রীলঙ্কার সঙ্গে। গোলরক্ষক জাহিদ অবশ্য শ্রীলঙ্কাকে বড় প্রতিদ্বন্দ্বী ভাবতে নারাজ, ‘ওদের চেয়ে আমরাই এগিয়ে। কলম্বোয় আমরা অনেক মিস করেছি। নইলে ওরা জিততে পারত না।’

বাংলাদেশের খেলোয়াড়দের ভাবনায় অবশ্য ভারত ও পাকিস্তানই বেশি আসছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারত ৭, পাকিস্তান ১০, বাংলাদেশ ২৯। জিমির বিশ্বাস, ভারত না হোক অন্তত পাকিস্তানকে আটকানো সম্ভব, ‘গতবার এসএ গেমসে পাকিস্তানের দলটা ছিল ধরার মতো। আমরা ভুল করায় পারিনি। সম্প্রতি আমাদের অনূর্ধ্ব-২১ দল পাকিস্তানের অনূর্ধ্ব-২১ দলের কাছে ৩-১ গোলে হেরেছে। পাকিস্তানের ওই যুব দলটিই আসতে পারে গেমসে এবং ওদের হারিয়ে ফাইনালে উঠতে চাই।’
দলের মধ্যে রুপার জন্য নীরব আকাঙ্ক্ষা আছে। যে দলে জিমিসহ গতবারের ৩-৪ জনের সঙ্গে এবার তরুণেরাই বেশি। আশরাফুলের পাশাপাশি খোরশেদও ড্র্যাগ ফ্লিকার হিসেবে আস্থাশীল। তাঁদের রক্ষণকাজও ভালো। জিমির ভাষায়, ‘এটা আমাদের জন্য বাড়তি সুবিধাই।’
কোচ হারুন তো আশরাফুলকে নিয়ে উচ্ছ্বসিত, ‘আশরাফুলের শক্তি আছে। চাপ সামলাতে জানে ছেলেটা। পেনাল্টি কর্নারটা ও গোলরক্ষকের বাঁ হাতের ওপরে জোরের সঙ্গে মারতে পারে। চয়নের ভালো বিকল্প পেয়েছি।’ জুনিয়র এশিয়া কাপে ওমানের সঙ্গে ম্যাচ সেরা আশরাফুল কোচের আস্থার প্রতিদান দিতে তৈরি, ‘যতটা সম্ভব দলকে গোল এনে দিতে চাই এসএ গেমসে।’
জিমি, কৃষ্ণা, মিমোদের নিয়ে আক্রমণভাগটা অভিজ্ঞ। সিটুল, বাবু, পিন্টুরা রক্ষণের নির্ভরতা। বিকেএসপির নবীন রাব্বি মাঝমাঠে যোগ হয়েছেন। সব মিলিয়ে ৪৪ জন থেকে কমিয়ে আনা ১৮ জনের ১৪ জনই বিকেএসপির সাবেক ছাত্র। গোলে অধিনায়ক অসীম গোপ, অভিজ্ঞ জাহিদও থাকছেন। মাঝমাঠের বড় ভরসা অধিনায়ক সারোয়ারকে আশাবাদী করছে এই দলটা, ‘আমাদের দল সব দিক থেকেই ব্যালান্সড।’
কিন্তু বড় খুঁত অনুশীলন ম্যাচ খেলতে না পারা। এ নিয়ে হারুন অতৃপ্ত, ‘ফেডারেশন চেষ্টা করছে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ বা ভারতের একটা দল আনতে। কিন্তু মনে হয় না আনতে পারবে। আর্মি বা বিকেএসপির সঙ্গে খেললে অ্যাটাকিং ভালো হবে, কিন্তু রক্ষণের ভুল তো ধরতে পারব না।’ ১৯৯৫ মাদ্রাজ সাফে খেলোয়াড় হিসেবে বাংলাদেশকে ব্রোঞ্জ এনে দেওয়া হারুন কোচ হিসেবে তবু চোখ রাখছেন সামনেই, ‘প্রতিটি ম্যাচেই আক্রমণাত্মক থাকব। তৃতীয় হতে চাই অবশ্যই। তবে চোখ ওপরের দিকেই রাখব।’
আশাটা বড়। কিন্তু এই দলে ট্রেনার, ভিডিও বিশ্লেষক, গোলকিপার কোচ কিছুই যে নেই! একজন ফিজিও দিয়েছে বিওএ। হারুন যখন এসব ফিরিস্তি দিচ্ছিলেন শনিবার, মওলানা ভাসানী স্টেডিয়ামে খোরশেদ তখন একাগ্র মনে পেনাল্টি কর্নার অনুশীলন করছিলেন। হারুন সে দিকে তাকিয়ে আক্ষেপ করলেন, ‘এই দেখুন, ওর ভুলগুলো ভিডিওতে দেখাতে না পারলে কীভাবে হবে!’ হাসতে হাসতে কথাটার ইতি টানলেন এভাবে, ‘আসলে অল্প সুযোগে ভালো রেজাল্ট চাই আমরা।’
এটাই আসলে সব কথার শেষ কথা।
হকিতে বাংলাদেশের পদক
সোনা : ০
রুপা : ০
ব্রোঞ্জ : ২