হকির চোখ এখন ইউরোপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে রানার্সআপ হয়ে বাংলাদেশ যুব দল ফেডারেশনকে নড়েচড়ে বসতে বাধ্য করছে। তারা নতুন করে ভাবছে
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে রানার্সআপ হয়ে বাংলাদেশ যুব দল ফেডারেশনকে নড়েচড়ে বসতে বাধ্য করছে। তারা নতুন করে ভাবছে

অনূর্ধ্ব-১৮ দলের দুর্দান্ত নৈপুণ্য নতুন করে ভাবাচ্ছে দেশের হকি অঙ্গনকে। পরিচর্চা করলে এই ছেলেরা আরও ভালো করবে বলছেন সবাই।
এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। কিন্তু আর্থিক সংকটের কথা বলে লম্বা সময়ের পরিকল্পনা করতে পারে না হকি ফেডারেশন। তবু এবারের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে রানার্সআপ হয়ে বাংলাদেশ যুব দল ফেডারেশনকে নড়েচড়ে বসতে বাধ্য করছে। তারা নতুন করে ভাবছে। তবে শিগগিরই বয়সভিত্তিক হকিতে কোনো কর্মসূচি নেই।
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ আয়োজন করে নগদ প্রাপ্তি, এশিয়ান হকি ফেডারেশন অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপও বাংলাদেশে করতে চায়। বাংলাদেশও রাজি। তবে সময়সূচি এখনো ঠিক হয়নি। মার্চে ঢাকায় আছে বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্ব। আপাতত এই কর্মসূচিগুলো সামনে রেখেই চলবে হকি।
বাংলাদেশের হকি দলের সামনে আছে জাতীয় দলের এশিয়া কাপের বাছাইপর্ব। এটি খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, কারণ এখানে চ্যাম্পিয়ন হতে না পারলে এশিয়া কাপে খেলা যাবে না। ১৭-২৭ নভেম্বর হংকংয়ে অনুষ্ঠেয় ওই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে জিমি-চয়নসহ জাতীয় দলের ১২ জন খেলোয়াড় এখন ইউরোপে। অনূর্ধ্ব-১৮ দলের আশরাফুল-রোমানসহ আরও ছয়জন খেলোয়াড়কে পাঠানোর তোড়জোড় চলছে সেখানে। পোল্যান্ড, অস্ট্রিয়াসহ কয়েকটি দেশে জাতীয় দল এ মাসেই অনুশীলন ম্যাচ খেলবে। কোচ মাহবুব হারুনকেও পাঠানো হচ্ছে ইউরোপে।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেকও আলো ফেললেন জাতীয় দলের ওপরই, ‘আপাতত জাতীয় দল নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে। ইউরোপে তারা ম্যাচ খেলবে।’ তবে বয়সভিত্তিক হকি নিয়েও কাজ থেমে থাকবে না বলছেন সাদেক, ‘আমাদের মূল সমস্যা আর্থিক। তবু চেষ্টা করছি বয়সভিত্তিক পর্যায়ে কিছু করার জন্য।’
আর্থিক জোগানের ব্যাপারে সহযোগিতা করছেন ফেডারেশনের সহসভাপতি শফিউল্লাহ আল মুনীর। মূলত তাঁর আগ্রহেই জাতীয় দলকে ইউরোপে ম্যাচ খেলানো হচ্ছে এবং এর আর্থিক জোগান তিনিই দিচ্ছেন, ‘আমি চাই, এশিয়ান বাছাইয়ে বাংলাদেশ ভালো করুক। চ্যাম্পিয়ন হোক। আমাদের র্যাঙ্কিং বাড়ুক। এতে আমরা অনেক এগিয়ে যাব। তাই জাতীয় দলের জন্য একটা পেশাদার কাঠামো ও কোচিং স্টাফ গড়ে তুলতে চাই।’
একই সঙ্গে তৃণমূলেও হকি ছড়িয়ে দেওয়ার কথা বলছেন তিনি। হকি অঙ্গনের সবার মুখেই আর্থিক সমস্যার কথা, তবে মুনীর ব্যতিক্রম হয়ে বলছেন, ‘টাকা কোনো সমস্যা নয়। সবাই কাজ করলে হকির উন্নয়ন সম্ভব।’