হকির দলবদল শুরু ২৯ অক্টোবর
২৯ অক্টোবর শুরু হবে আগামী মৌসুমের প্রিমিয়ার হকি লিগের দলবদল। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আর ১৫ নভেম্বর ক্লাব কাপ দিয়ে মাঠে গড়াবে হকির নতুন মৌসুম। ২৫ নভেম্বর ফাইনাল। কাল লিগ কমিটি এই সিদ্ধান্ত নিলেও দলবদল আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় আছে। কেননা মোহামেডানসহ পাঁচ ক্লাব দলবদলে অংশ নিতে আগ্রহী নয়।
কাল লিগ কমিটির সভায় ১১ দলের মধ্যে উপস্থিত ছিলেন আবাহনী, ঊষা ক্রীড়াচক্র, সোনালী ব্যাংক, সাধারণ বীমা, অ্যাজাক্স ও আজাদ স্পোর্টিংয়ের প্রতিনিধিরা। কিন্তু বাকি পাঁচ ক্লাবের কোনো প্রতিনিধি ছিলেন না। এঁরা যে আগের অবস্থানেই অনড় সেটা কাল আবারও জানালেন মোহামেডানের হকি কমিটির প্রতিনিধি আরিফুল হক (প্রিন্স), ‘দলবদল অবশ্যই চাই আমরা। তবে রহমতউল্লাহর অধীনে আমরা কোনো দলবদলে অংশ নেব না।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ অবশ্য আশায় আছেন সব দলই অংশ নেবে এবারের প্রিমিয়ার লিগে, ‘আমরা সব ক্লাবে চিঠি পাঠাব। ব্যক্তিগত পর্যায়েও যোগাযোগ করে খেলতে অনুরোধ করব সবাইকে। আশা করি, হকির বৃহত্তর স্বার্থে সবাই দলবদলে অংশ নেবেন।’