হকির দলবদল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকির দলবদল স্থগিত হওয়ার আভাস মিলেছিল গত পরশুই। গতকাল চিত্রনাট্য এগোল সেই অনুযায়ীই। ২-৪ জুলাই দলবদল স্থগিত ঘোষণা করেছে ফেডারেশন। কাল জারি করা এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তির ভাষ্য, ‘ফেডারেশনের নির্বাচিত কমিটি এখন পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত না হওয়ায় পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ২-৪ জুলাই দলবদল হচ্ছে না। নির্বাচিত কমিটি দায়িত্ব নেওয়ার পরই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ নির্বাচন কমিশনার হাইয়ুল কাইয়ুমের দৃষ্টিতে ফেডারেশনের নির্বাচন নিয়ে হাইকোর্টে মামলা নির্বাচিত কমিটির পক্ষে সরকারি প্রজ্ঞাপন জারিতে কোনো বাধা নয়। এনএসসির এই পরিচালক কাল বলেছেন, ‘ফেডারেশনের নির্বাচনে হকি আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের একজন কাউন্সিলরকে ভোটার তালিকায় যোগ করতে যে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট, সেই অনুযায়ী ব্যবস্থা নেব আমরা। আশা করছি, দুই-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন আমরা দিতে পারব।’ প্রজ্ঞাপন দেওয়া মানে খাজা রহমতউল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেবেন ফেডারেশনের। কিন্তু নির্বাচন বর্জন করা মোহামেডান জোট বলছে, তারা রহমতউল্লাহর অধীনে কোনো কার্যক্রমে যাবে না।দলবদল স্থগিত হওয়ার খবরে ফুঁসছেন খেলোয়াড়েরা। আসাদুজ্জামান চন্দনের কণ্ঠে ক্ষোভ, ‘২-৪ জুলাই দলবদল হবে, ফেডারেশন সভাপতির এমন আশ্বাসে আমরা জাতীয় দলের ক্যাম্পে গিয়েছিলাম। এখন দলবদল না হওয়া মানে আমাদের রুটি-রুজিতে টান পড়া। আমরা এই খবরে হতাশ ও ক্ষুব্ধ।’ খেলোয়াড়েরা কঠোর অবস্থানে যাচ্ছেন বলে ইঙ্গিত দিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড়, ‘আমরা নিজেরা অনুশীলন অব্যাহত রাখব। তবে ফেডারেশনের অধীনে অনুশীলন করব না। এমনকি আমরা ফেডারেশনে তালা মেরে দেওয়ার চিন্তাভাবনাও করছি।’উল্লেখ্য, জাতীয় দলের কোচ হিসেবে চুক্তি করতে আজই ঢাকায় আসার কথা পাকিস্তানি কোচ নাভিদ আলমের।