হকির দলবদল হবে তো?
মাঠে খেলা নেই। খেলা কবে মাঠে গড়াবে সেটি নিয়েও সংশয়। হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি তাই অবসর সময়টা ঢাকার বাইরে বন্ধুর গ্রামের বাড়িতে ঘোরাঘুরি করে কাটাচ্ছেন। কিন্তু সেখানে গিয়েও দুশ্চিন্তা ছাড়ছে না জাতীয় দলের স্ট্রাইকারকে। দুশ্চিন্তার কারণ একটাই—দলবদল!
১১ ক্লাব নিয়ে এই মৌসুমের প্রিমিয়ার হকি লিগ শুরু হওয়ার কথা নভেম্বরের শেষ দিকে। কিন্তু ফেডারেশনের নির্বাচন নিয়ে গোলমালে মোহামেডান, মেরিনার্স, বাংলাদেশ স্পোর্টিং, ওয়ারী, অ্যাজাক্স ও ওয়ান্ডারার্স আগের অবস্থানেই অনড়। দলবদলে অংশ নেবে না তারা। অথচ কয়েকবার পিছিয়ে ২৯ অক্টোবর শুরু হওয়ার কথা এই মৌসুমের দলবদল।
দলবদলের এক সপ্তাহ বাকি থাকলেও এ নিয়ে কোনো উত্তেজনা নেই খেলোয়াড়-কর্মকর্তাদের মধ্যে। বিদ্রোহী তিনটি ক্লাবকে নাকি দলবদলের জন্য রাজি করিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ! তাঁর দাবি, ‘বিদ্রোহী ছয় ক্লাবের মধ্যে তিনটি ক্লাবই দলবদলে অংশ নিতে রাজি হয়েছে। অ্যাজাক্স আগেই এসেছে আমাদের সঙ্গে। ওয়ান্ডারার্স ও বাংলাদেশ স্পোর্টিংয়ের সঙ্গেও ফলপ্রসূ আলোচনা করেছি। তারা এখন দলবদলে আগ্রহী।’ বাকিদের ছাড়াই কি তাহলে হবে প্রিমিয়ার লিগ? রহমত উল্লাহর উত্তর, ‘বাকি তিন ক্লাব না এলে আমাদের কিছুই করার নেই। আট দল নিয়েই মৌসুম শুরু করব।’
জানা গেছে, বাকি তিন ক্লাব মোহামেডান, ওয়ারী ও মেরিনার্স এই ফেডারেশনের অধীনে কোনোভাবেই দলবদলে যাবে না। ওয়ারীর হকি সম্পাদক নাজিরুল ইসলাম বলছেন, ‘আমরা এখনো আগের অবস্থানেই আছি। এই ফেডারেশনের অধীনে দলবদল করব না।’ মোহামেডানের হকি সম্পাদক আরিফুল হক প্রিন্সের কথা, ‘আমরা আগে যা বলেছি, এখনো সেটি বলছি। কোনোভাবেই বর্তমান সাধারণ সম্পাদকের অধীনে দলবদল করব না।’
এমন অবস্থায় হতাশ জিমি, ‘লিগ নিয়েই নিশ্চয়তা নেই। ফেডারেশন ব্যস্ত আমাদের শোকজ করা নিয়ে। দলবদল না হলে ক্ষতি হবে খেলোয়াড়দেরই। কোথায় খেলব আমরা জানি না। কোনো ক্লাব এখন পর্যন্ত আমাদের ডাকেনি।’ জাতীয় দলের গোলরক্ষক খেলোয়াড় জাহিদের ক্ষোভ, ‘দলবদলের আর মাত্র কয়েক দিন আছে। আমাদের কেউ নেবে কি না জানি না। খুবই হতাশার মধ্যে দিন কাটাচ্ছি।’