হকির দলবদল ২-৪ জুলাই
দলবদলের দাবিতে খেলোয়াড়েরা আন্দোলন করায় হকিতে কিছুটা অচলাবস্থা চলছে। তা থেকে বেরিয়ে আসার পথ একটাই—দ্রুতই দলবদল দিয়ে দেওয়া। কাল ক্লাবগুলোর সঙ্গে হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারীর সভায় দলবদলের একটা তারিখও ঠিক হয়েছে। আগামী ২ থেকে ৪ জুলাই দলবদল করবে ক্লাবগুলো।
উল্লিখিত তারিখে দলবদল হলে খেলোয়াড়দের কোনো আপত্তি থাকবে না। তাঁরা এশিয়া কাপের ক্যাম্পে যোগ দেবেন। একই সঙ্গে ফেডারেশন সভাপতির এই উদ্যোগের প্রশংসা করছেন খেলোয়াড়েরা। জাতীয় দলের অধিনায়ক জাহিদ হোসেন কাল রাতে বললেন, ‘আমরা দলবদল জুনে চেয়েছিলাম। ফেডারেশন সভাপতিকে ধন্যবাদ, ক্লাবের সঙ্গে কথা বলে জুলাইয়ের প্রথম সপ্তাহে দলবদল দেওয়া হয়েছে। এখন জাতীয় দলের ক্যাম্প ডাকা হলে আমরা যোগ দেব। তবে চাওয়া একটাই, দলবদলের তারিখ যেন বদলে না যায়।’
ক্লাবগুলো এর আগে বলেছিল, ফেডারেশন নির্বাচনের পর হবে দলবদল। তা শোনার পরই দ্রুত দলবদলের দাবি তুলে এশিয়া কাপের ক্যাম্প বর্জনের ঘোষণা দেন খেলোয়াড়েরা। অবস্থা বুঝে শেষ মুহূর্তে এশিয়া কাপের ক্যাম্প স্থগিত করে দেয় ফেডারেশন। এ অবস্থায় ফেডারেশন নির্বাচনে এনএসসির কাউন্সিলর মনোনয়নসহ নানা বিষয়ে কালকের সভা উত্তপ্ত হওয়ার আভাস ছিল। কিন্তু সভাটা হয়েছে সৌহার্দ্যপূর্ণই।