হকির দলবদলের সময় বাড়ছে!
পরশু শেষ হয়েছে আগামী মৌসুমের হকির দলবদল। আনুষ্ঠানিকভাবে দলবদল শেষ হলেও এখনো বিদ্রোহী ক্লাবগুলোর জন্য অপেক্ষায় আছেন হকি ফেডারেশন কর্মকর্তারা। ১১ দলের প্রিমিয়ার লিগের দলবদলে এবার অংশ নেয়নি মোহামেডান, ওয়ারী, মেরিনার্স ও বাংলাদেশ স্পোর্টিং।
কাল ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানালেন, ‘এখনো কেউ যদি দলবদলে অংশ নিতে আগ্রহ প্রকাশ করে, তাহলে আমরা বিশেষ বিবেচনায় দলবদলে সুযোগ দেব। তবে তাদের অবশ্যই নিশ্চয়তা দিতে হবে যে তারা লিগে খেলবে।’
এ ব্যাপারে বিদ্রোহী ক্লাবগুলো থেকে কোনো সবুজসংকেত পেয়েছেন কি না, এমন প্রশ্নে খাজা রহমতউল্লাহ জানালেন, ‘আমরাও চাই সব দলকে নিয়ে জমজমাট একটা লিগ হোক। কিন্তু এখনো আমরা ওই সব ক্লাবের কারোর কাছ থেকে দলবদলের আগ্রহের কথা জানতে পারিনি।’
দলবদলের সময়সীমা বাড়ালেও লিগ নির্দিষ্ট সময়েই শুরু হবে বলে জানালেন তিনি, ‘আগামী দুই-তিন দিনের মধ্যেই লিগ কমিটির সভা। দ্রুতই লিগ শুরু করার ব্যাপারে ওই সভায় সিদ্ধান্ত নেব। তবে দলবদলের জন্য কোনোভাবেই খেলা পেছাব না।’