হকির দুরবস্থার কথা শুনলেন মন্ত্রী
আন্দোলনরত হকি খেলোয়াড়েরা কাল দেখা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে। মাঠে খেলা ফেরানোর দাবিতে খেলোয়াড়েরা একাট্টা। জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর হকির জন্য ‘কিছু করার’ আশ্বাস দিয়েছেন আহাদ আলী সরকার।গত ২৪ অক্টোবর জাতীয় যুব হকির ফাইনাল ৪৫ মিনিট পর বন্ধ করে দেন খেলোয়াড়েরা। কাল খেলোয়াড়েরা মন্ত্রীর ক্রীড়া পরিষদ অফিসে গেলে মন্ত্রী প্রথমেই বললেন, ‘ওই দিন খেলা বন্ধ করে দেওয়া উচিত হয়নি আপনাদের।’সঙ্গে যোগ করেছেন, ‘হকির সমস্যা অনেক আগেই শুনেছি। এদের (বর্তমান ফেডারেশন) ছাড় দেওয়ার সুযোগ নেই। সাধারণ সম্পাদকের উচিত এখনই পদত্যাগ করা।’ উল্লেখ্য, এই ফেডারেশনের মেয়াদ আছে আর নয় মাস।দেড় শর বেশি হকি খেলোয়াড়ের স্বাক্ষর করা স্মারকলিপি মন্ত্রীর হাতে তুলে দেন খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক (প্রিন্স)। পাশাপাশি ফেডারেশনের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনেছেন খেলোয়াড়েরা।মন্ত্রীর কাছে জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদের (জিমি) ক্ষোভ, ‘গত এসএ গেমসের ক্যাম্পের সময় খেলোয়াড়দের জার্সি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। সেই টাকা গেল কোথায়? ক্রীড়া পরিষদ থেকে দেওয়া বিভিন্ন হকি সরঞ্জামও আমরা পাই না। এগুলো যায় কোথায়, কারা ভোগ করে? তদন্ত করা হোক।’এনএসসির প্রতিভা অন্বেষণ কর্মসূচি নিয়েও কথা উঠেছে। জাতীয় দলের অধিনায়ক জাহিদ হোসেনের কথা, ‘প্রতিভা অন্বেষণের কোচিংয়ের জন্য খেলোয়াড়দের দেওয়া হয়েছে ১৫ হাজার টাকা। অথচ একেকটি জেলা পর্যবেক্ষণ করেই ফেডারেশনের কর্মকর্তারা নিয়েছেন পাঁচ হাজার টাকা করে। তার মানে, পাঁচটি জেলা ঘুরেই একেকজন অনেক টাকা পেয়ে গেছেন। অবস্থা এমন যে কর্মকর্তাদের জন্যই যেন সব। খেলোয়াড়েরা চরমভাবে বঞ্চিত হচ্ছে।’ ঠিকমতো দৈনন্দিন-ভাতা না পাওয়ার অভিযোগও তুলেছেন খেলোয়াড়েরা। তাঁরা কারণ দর্শাও নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। দুর্নীতির অভিযোগ উড়িয়ে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার জামিলউদ্দিন বলছেন, ‘সব কাগজপত্র ফেডারেশনে আছে। প্রয়োজনে যে কেউ এগুলো দেখতে পারে। কাজেই দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন।’আজ ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বসবেন মন্ত্রী।