হকির নতুন কোচ কৃষাণ কৌশিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় হকি দলের দায়িত্ব নিতে ঢাকায় আসছেন না ভারতীয় কোচ অজয় কুমার বানসাল। তবে তাঁর বদলে আরেক ভারতীয় কোচ মহারাজ কৃষাণ কৌশিককে নিয়োগ দিতে যাচ্ছে হকি ফেডারেশন। ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের বেতনভুক্ত কোচ অজয় বানসাল বাংলাদেশে আসার জন্য ছুটি পাননি। তাঁরই পরামর্শে মহারাজ কৃষাণ কৌশিক বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে আসছেন। বর্তমান কোচ মাহবুব হারুনও থাকবেন দলের সঙ্গে।

কাল ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন, ‘বানসাল আসতে না পারলেও মহারাজ কৃষাণকে তিনি পাঠাবেন। ভিসা পাওয়া সাপেক্ষে দুই-এক দিনের মধ্যেই ঢাকা আসতে পারেন কৃষাণ। তখন দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই করব আমরা। এরপর দেশে ফিরে যাবেন তিনি। সবকিছু ঠিক থাকলে ১৬ জুন থেকে ক্যাম্পে যোগ দিতে পারেন নতুন কোচ।’

১৯৮০ সালে মস্কো অলিম্পিকে ভারতীয় হকি দলের সোনাজয়ী সদস্য মহারাজ কৃষাণ কৌশিক। ভারতের মহিলা হকি দলের কোচও ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর কোচের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন।