হকির নান্নুর ভালোবাসা অ্যাথলেট জাকিয়া
>খেলার মাঠে পরিচয়। সম্পর্কটা ধীরে ধীরে গভীর হয়েছে। কবে কখন একজন হয়ে গেছেন আরেকজনের পরিপূরক, বুঝতেই পারেননি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন জুটি রয়েছেন বেশ কজন। সেই দম্পতিদের ঘরের খবর উঠে এসেছে এই ধারাবাহিক প্রতিবেদনে। আজ থাকছে জাতীয় হকি খেলোয়াড় শেখ মোহাম্মদ নান্নু ও অ্যাথলেট জাকিয়া সুলতানার গল্প।

প্রথম দর্শনেই প্রেম—জাতীয় হকি খেলোয়াড় শেখ মোহাম্মদ নান্নুর বেলায় কথাটা দারুণ মানিয়ে গিয়েছিল। বিকেএসপিতে তখন চলছে জাতীয় হকি দলের কন্ডিশনিং ক্যাম্প। সেখানে বিকেএসপির ছাত্রী জাকিয়া সুলতানাকে দেখেই ভালো লেগে যায় নান্নুর। ঘটনাটা বছর তিনেক আগের। জাকিয়াকে প্রথম দেখার দিনটি হয়তো সারা জীবনই হৃদয়ে লালন করে যাবেন হকি তারকা শেখ নান্নু।
ওই সময় লুকিয়ে লুকিয়ে অ্যাথলেট জাকিয়াকে বেশ কয়েকবার দেখেছিলেন নান্নু। এরপর শুরু হয় খোঁজখবর নেওয়া। একদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে দাঁড়িয়েই জানিয়ে দেন নিজের ভালোবাসার কথা। জাকিয়ারও ভালো লেগেছিল শান্তশিষ্ট ও ভদ্র নান্নুকে। জাকিয়াকে বিয়ের প্রস্তাবটা অবশ্য আগেই দিয়েছিলেন নান্নু; সরাসরি জাকিয়ার মাকে ফোন করে। বলেছিলেন, ‘আপনার মেয়েকে আমার খুব ভালো লাগে। আপনার অনুমতি পেলে ওকে বিয়ে করতে চাই।’ মা আর আপত্তি করেননি। ২০১৩ সালের ৬ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়ে যায় দুজনের।
বাংলাদেশ গেমসে ২০০ মিটারে রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন জাকিয়া। কিন্তু দ্রুততম মানবী হতে পারেননি কোনোবারই। ভারতে সদ্য শেষ হওয়া এসএ গেমসে অ্যাথলেটিকসের একমাত্র ব্রোঞ্জজয়ী রিলে দলের সদস্য ছিলেন জাকিয়া। জাতীয় দলের মিডফিল্ডার নান্নু সম্প্রতি বিকেএসপিতে কোচ হিসেবে যোগ দিয়েছেন।
নান্নু প্রবল উৎসাহী জাকিয়ার অ্যাথলেটিকস ক্যারিয়ার নিয়ে। তবে পড়াশোনা নিয়ে সিরিয়াস তিনি। কিছুদিন আগেই বিকেএসপি থেকে এইচএসসি উত্তীর্ণ জাকিয়াকে জোর করে ভর্তি করে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্বের ছাত্রী জাকিয়া। পড়াশোনাটা করছেন বেশ মন দিয়েই। সামনে মাসে পরীক্ষা। সময় কাটছে রাজশাহীতেই। দুজন, দুই জায়গায়—ব্যাপারটা নিয়ে কোনো দুঃখবোধ নেই নান্নুর, ‘ইনশা আল্লাহ পরে একসঙ্গে অনেক থাকা যাবে। আগে জাকিয়া পড়াশোনাটা শেষ করুক।’
সংসার জীবন কেমন কাটছে? প্রশ্নটা করতেই জাকিয়ার হাসিমাখা উত্তর, ‘কোন দিক দিয়ে যে দুই বছর সময় পার হয়ে গেল বুঝতেই পারিনি।’ রান্না করা, ঘরকন্না সামলানো—এসবে এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারেননি জাকিয়া। বরং অ্যাথলেটিকস ট্র্যাকই যেন বেশি ডাকে, ‘যখন বাড়িতে থাকি তখন যা পারি রান্না করি। ওর কোনো বাছবিচার নেই। কোনো অভিযোগ নেই। একবার তো রুটি পুড়িয়ে ফেললাম। আবার একদিন অনেক শক্ত রুটি বানিয়েছিলাম, এত শক্ত ছিল যে খেতেই পারছিল না।’
নান্নু সম্পর্কে জাকিয়ার মূল্যায়ন, ‘ওর কোনো বদ অভ্যাস নেই। সব সময় নিয়ম মেনে থাকতে চায়। সত্যিকারের এক ক্রীড়াবিদ। সময়ের খুব মূল্য দেয়। সবচেয়ে বড় কথা ওর মধ্যে কোনো ভণ্ডামি নেই।’
হঠাৎ বলা নেই কওয়া নেই হুট করে ক্যাম্প থেকে বাড়ি ফিরে আসে জাকিয়া। তখন জাকিয়াকে দেখে বেশ অবাক হয়ে যান নান্নু। একইভাবে নান্নুও মাঝে মধ্যে না বলে বিশ্ববিদ্যালয়ে বা শ্বশুরবাড়ি গিয়ে চমকে দেন জাকিয়াকে। জাকিয়ার খেলা থাকলে গ্যালারিতে নান্নুর উপস্থিতি আবশ্যিক। তবে হকি মাঠে জাকিয়া গিয়েছিলেন মাত্র একবারই।
বিয়ের পর বাংলাদেশের মেয়েদের খেলাধুলা নিয়ে তৈরি হয় নানা প্রতিবন্ধকতা। কিন্তু নান্নু এ ক্ষেত্রে একেবারে উদার। জাকিয়ার মুখে সেই কৃতজ্ঞতা ‘আমাকে ওদের পরিবারের সবাই সহযোগিতা করে। ও বলে যতদিন পারো খেলো। কোনো সমস্যা নেই। হেরে গেলেও মনোক্ষুন্ন ² হয় না। সে নিজেও তো খেলোয়াড়। সে বোঝে হারজিত সব খেলাতেই আছে। খারাপ করলে বলে “ধৈর্য ধরো। সামনে নিশ্চয় ভালো করবে। ” ’
নান্নু-জাকিয়ার সুখের সংসারে খেলাধুলার চেয়েও বড় বিষয়টা যে ভালোবাসাই।