হকির পাশে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
এর আগে দুবার জাতীয় স্কুল হকির পৃষ্ঠপোষকতা করেছে প্রতিষ্ঠানটি। এশিয়া কাপ সামনে রেখে আবারও হকি ফেডারেশনের পাশে দাঁড়িয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এশিয়া কাপ উপলক্ষে কাল দেড় কোটি টাকার একটি সমঝোতা স্মারকে সই করেছে ব্যাংকটি। এরই মধ্যে ফেডারেশন তহবিলে এক কোটি টাকা জমাও পড়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে কাল এই সমঝোতা চুক্তি সই হয়েছে। এতে হকি ফেডারেশনের পক্ষে সভাপতি বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসেক মোহাম্মদ আলী সই করেন।
আগামী ১১-২২ অক্টোবর ঢাকায় বসবে এশিয়া কাপ হকির দশম আসর। আন্তর্জাতিক এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ভারতীয় কোম্পানি হিরো। তবে এই চুক্তির সৌজন্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও স্টেডিয়ামের ভেতরে-বাইরে নিজেদের নাম প্রচার করতে পারবে। জাতীয় দলের চীনে প্রস্তুতি ম্যাচ খেলতে যাওয়ার সব খরচও বহন করবে ব্যাংকটি। এশিয়া কাপের সময় বাংলাদেশের জার্সিতেও থাকবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লোগো।