হকির পাশে বিসিবি
হকির অচলাবস্থা দূর করতে তাঁর কাছে ছুটে গিয়েছিলেন সংগঠকেরা। এবার বাফুফের নির্বাচনের সময় সালাউদ্দিনবিরোধী পক্ষও ছুটে যায় নাজমুল হাসানের কাছে। অথচ নাজমুল হাসান হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। শেষ পর্যন্ত অবশ্য সালাউদ্দিনবিরোধী পক্ষÿনির্বাচনে সুবিধা করতে পারেনি। তবে এর আগে হকির সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা দূর করতে অগ্রণী ভূমিকাই রেখেছেন নাজমুল। তারই ধারাবাহিকতায় কাল প্রিমিয়ার হকি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি।
স্বাভাবিকভাবেই নাজমুলকে সংবাদমাধ্যমের নানা রকম প্রশ্নের উত্তর দিতে হয়েছে। তাঁর সব কথার সার কথা, ‘হকির মান বাড়াতে হবে। এ জন্য দীর্ঘ মেয়াদে পরিকল্পনা প্রয়োজন। হকি ফেডারেশন সেই পরিকল্পনা নিলে স্পনসরের অভাব হবে না। আমি এতে সহযোগিতা করব।’
খেলাধুলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের ব্যাপারটাও তুলে ধরেন নাজমুল হাসান, ‘হকি স্টেডিয়ামে ফ্লাডলাইট প্রয়োজন। আরও অনেক কিছুই দরকার। এসব চাহিদা পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেলে তিনি নিশ্চয়ই সহায়তা করবেন। আমিও এ ব্যাপারে সহায়তা করতে পারি।’
তবে বিসিবির সভাপতি হিসেবে নয়, ব্যক্তিগতভাবেই এসব ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও বিসিবি আগেই ঘোষণা দিয়ে রেখেছে হকি ফেডারেশন একজন বিদেশি কোচ আনলে টাকা দেবে বিসিবি। কাল নাজমুল হাসান সেটা আবার মনে করিয়ে দিলেন, ‘হকি ফেডারেশন বিদেশি কোচকে বিসিবি তিন বছর স্পনসর করবে।’ উল্লেখ্য, একজন ডাচ কোচ নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে হকি ফেডারেশন।