হকির পাশে সেই গ্রিন ডেল্টা
হকির সঙ্গে সম্পর্কটা সেই ১৯৮৫ সাল থেকে। গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি যেন হকির সমার্থকই হয়ে উঠেছিল একসময়। হকির দুঃসময়েও পৃষ্ঠপোষকতা করতে পিছপা হয়নি প্রতিষ্ঠানটি। চুক্তি শেষ হয়ে গিয়েছিল গত মৌসুমে। কিন্তু আবারও নিয়মিত ঘরোয়া লিগ হওয়ার সম্ভাবনা জাগতেই হকির সঙ্গে নতুন করে গাঁটছড়া বাঁধল গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স। আগামী তিন বছরের জন্য হকি ফেডারেশনকে ৪০ লাখ টাকা দেবে বিমা প্রতিষ্ঠানটি।পুরো টাকাটা বরাদ্দ প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ হকি লিগ পরিচালনার জন্য। প্রথম কিস্তিতে তারা দেবে ২০ লাখ। বাকি অর্ধেক পরের দুই বছরে সমানভাবে। কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফেডারেশনের পক্ষে স্বাক্ষর করেন সভাপতি এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান, গ্রিন ডেল্টার পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন আহমদ। হকির সঙ্গে দীর্ঘ পথচলার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নাসিরউদ্দিন আহমদকে বেশ তৃপ্তই লাগল, ‘আমরা বরাবরই হকির সঙ্গে ছিলাম। হকির সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছে আমাদের। আবারও হকির সঙ্গে চুক্তি করতে পেরে খুবই ভালো লাগছে।’ ফেডারেশন সভাপতি জিয়াউর রহমান ধন্যবাদ জানিয়েছেন গ্রিন ডেল্টাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, গ্রিন ডেল্টার উপব্যবস্থাপনা পরিচালক নাজিম তাজিক চৌধুরী প্রমুখ।