একই দিনে দু-দুটি তদন্ত প্রতিবেদন নিয়ে আলোড়িত ছিল কাল ক্রীড়াঙ্গন। সাফ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বাফুফেতে সংবাদ সম্মেলন করেছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি। প্রায় একই সময়ে জমা পড়া এশিয়া কাপে হকি দলের ব্যর্থতার তদন্ত প্রতিবেদন নিয়ে ঠিক ওই সময়ই হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভা চলছিল। কাল যেন ছিল ‘তদন্ত প্রতিবেদন’ দিবস।
তবে ফুটবলের প্রতিবেদনের আদ্যোপান্ত প্রকাশ করা হলেও রাখঢাক হকিতে। কেউই মুখ খুলতে রাজি নন। নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির একটি সূত্র জানিয়েছে, অনেক দিন ধরেই দলে কিছু খারাপ চর্চা চলছিল। সেটিরই প্রকাশ ঘটেছে এবারের এশিয়া কাপে, মালয়েশিয়ায়।
খেলোয়াড়েরা মদ খেয়ে অনুশীলনে নামতেন, একজন কোচ মদের আসর বসাতেন, তদন্ত প্রতিবেদনে এমন অভিযোগ থাকার আভাস ছিল। একটি সূত্রের খবর, তদন্ত প্রতিবেদনের একটা অংশে মদের আসর-সংক্রান্ত বিষয়টা উল্লেখ করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে চারজন সিনিয়র খেলোয়াড়কে তদন্ত প্রতিবেদনে সাময়িক নিষিদ্ধ করার সুপারিশ থাকার গুঞ্জন উঠেছিল। সে ব্যাপারে প্রতিবেদনে কিছু পর্যবেক্ষণ রয়েছে তবে এসব নিয়ে মুখে কুলুপ এঁটেছেন হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সবাই। তদন্ত কমিটির এক সদস্য জানিয়েছেন, ‘আমাদের এসব ব্যাপারে কিছু বলতে নিষেধ করা হয়েছে সভায়।’ তবে তদন্ত কমিটির আরেক সদস্য এই প্রতিবেদনকে ‘খুব সিম্পল প্রতিবেদন’ বলে উল্লেখ করেছেন। দলের ব্যর্থতার জন্য এককভাবে কাউকে দায়ী করা হয়নি। তুলে ধরা হয়েছে মাঠের বাইরের কিছু বিশৃঙ্খলার চিত্র।
ফেডারেশনের সভা শেষে জানানো হয়েছে, আগামী ১০ অক্টোবর ফেডারেশনের পরবর্তী সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের সঙ্গে কোচ নাভিদ আলম এবং ম্যানেজার রশিদ শিকদারের রিপোর্ট সমন্বয় করা হবে। তিনটি প্রতিবেদনই দেখার জন্য নিয়ে গেছেন ফেডারেশন সভাপতি মোহাম্মদ ইনামুল বারী। জানা গেছে, সবকিছু খতিয়ে দেখতে নতুন একটি কমিটি গঠন করা হতে পারে।