হকির প্রাথমিক দলে ৪০ জন
সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্টের স্মৃতিটা ভুলে যেতেই চাইবে বাংলাদেশ হকি দল। গত সেপ্টেম্বরে মালয়েশিয়ায় এশিয়া কাপে আট দলের মধ্যে সপ্তম হয়ে দেশে ফিরেছিলেন জিমি-চয়নরা। এর পর আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশই নেয়নি বাংলাদেশ।
ছয় মাস পর আবারও একটি বড় প্রতিযোগিতায় খেলার সুযোগ মিলছে। আগামী মার্চে ঢাকায় বসছে এশিয়ান গেমসের বাছাইপর্ব। অংশ নেবে আফগানিস্তান, হংকং, আয়ারল্যান্ড, ওমান, কাতার, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, চীনা তাইপে ও স্বাগতিক বাংলাদেশ। এই টুর্নামেন্টের জন্য ৪০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। ডাক পাওয়া খেলোয়াড়দের আগামীকাল কোচ নাভিদ আলমের কাছে রিপোর্ট করতে হবে।
চার বছর আগে ঢাকায় এশিয়ান গেমসের বাছাইপর্বে সাত দলের মধ্যে পঞ্চম হয়ে চীনে গিয়েছিল বাংলাদেশ। এবার ষষ্ঠ হলেই সুযোগ মিলবে এশিয়ান গেমসে।
ডাক পেয়েছেন যাঁরা: অসীম, সাদেকুর, মনোয়ার, মুহিত, সজীব, চয়ন, খোরশেদুর, তাপস, মশিউর, আশরাফুল, রোকনুজ্জামান, ফরহাদ, মনোজ, সালমান, বেলাল, রেজাউল, ইরফানুল, নান্নু, সারোয়ার, সাব্বির, নাঈম, তাহের, আফসার, শুভ, রুম্মন, রাব্বি, হাসান যুবায়ের, মইনুল, পুষ্কর, কৃষ্ণ, মালেক, রিমন, শিহাব, মিলন, আরশাদ, রুবেল, ইমন, রকি, অজিত ও ইমতিয়াজ।