হকির ফাইনালে আবাহনী-সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস হকির ফাইনালে উঠেছে আবাহনী ও বাংলাদেশ সেনাবাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল প্রথম সেমিফাইনালে আবাহনী ৬-০ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে। জয়ী দলের শেখ মোহাম্মদ নান্নু ২টি, হাসান যুবায়ের নিলয়, আশরাফুল ইসলাম, দ্বীন ইসলাম, নাঈম উদ্দিন ১টি করে গোল করেছেন। অন্য সেমিফাইনালে শক্তিশালী ঊষা ক্রীড়াচক্রকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর মালেক ২টি, রিপন, সাগর ও মিলন ১টি করে গোল করেছেন। ঊষার রুবেল ২টি গোল শোধ করেন। আগামীকাল ফাইনাল।
সাইক্লিং: কাল দিনব্যাপী হওয়া বিজয় দিবস সাইক্লিং দেখল বিজেএমসির সাইক্লিস্টদের দাপট। সাতটি ইভেন্টের ছয়টিতেই চ্যাম্পিয়ন হয়েছে বিজেএমসির সাইক্লিস্টরা। পুরুষদের সিনিয়র বিভাগে ১৫ হাজার মিটার স্ক্র্যাচে বিজেএমসির মোহাম্মদ ইয়াসিন, জুনিয়র বিভাগে ৮ হাজার মিটারে সুরুজ মিয়া, মহিলা জুনিয়র বিভাগের ৬ হাজার মিটার স্ক্র্যাচে প্রতিমা রায়, পুরুষ সিনিয়র বিভাগের ১০ হাজার মিটার স্ক্র্যাচে বিজেএমসির আলমগীর হোসেন, ৮ হাজার মিটার স্ক্র্যাচে মহিলা সিনিয়র বিভাগে ফারহানা সুলতানা শিলা চ্যাম্পিয়ন হয়েছেন। শুধু পুরুষদের স্কুল বিভাগে ৪ হাজার মিটার স্ক্র্যাচে বিডিসির কপিল রাফিদ সোনা জিতেছেন।
কারাতে: জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে অনূর্ধ্ব-৬০ কেজিতে মেয়েদের কুমি বিভাগে সোনা জিতেছেন নারায়ণগঞ্জের নাজমা। পুরুষদের জুনিয়র বিভাগে ৪০ কেজিতে মোহাম্মদ ইব্রাহিম, সিনিয়র বিভাগে ৪৫ কেজিতে মাসুদ রানা ও ৫০ কেজিতে রাকিবুল ইসলাম সোনা জিতেছেন।