হকির মামাদের মান রক্ষা করে যাচ্ছেন ভাগনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় হকি দলের খেলোয়াড় মোহাম্মদ মহসিন। ছবি সংগৃহীত
জাতীয় হকি দলের খেলোয়াড় মোহাম্মদ মহসিন। ছবি সংগৃহীত
>

• জাতীয় হকি দলের উদীয়মান খেলোয়াড় মোহাম্মদ মহসিন
• তাঁর তিন মামা জাতীয় পর্যায়ের সাবেক হকি খেলোয়াড়

‘মামা-ভাগনে যেখানে, আপদ নাই সেখানে’—প্রচলিত কথাটার বাস্তব প্রয়োগ দেখা যাবে দেশের হকি অঙ্গনে। যদিও তাঁরা একসঙ্গে খেলছেন না। কিন্তু তিন মামার দেখিয়ে দেওয়া পথ অনুসরণ করে সফল হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন তাঁদেরই ভাগনে। মামাদের মান রক্ষা করতেই যেন এগোচ্ছেন ভাগনে। মামা-ভাগনের কত গল্পই শুনেছেন। বাংলাদেশ হকির এই মামা-ভাগনের গল্পও কিন্তু কম আকর্ষণীয় নয়!

আব্দুল্লাহ পিরু, শহিদুল্লাহ খোকন, ইসমাইল হোসেন লিটন—হকি অঙ্গনের বেশ পরিচিত নাম। প্রথম দুজন খেলেছেন জাতীয় দলে। এর মধ্যে আব্দুল্লাহ পিরু ১৯৮৫ এশিয়া কাপে বাংলাদেশ দলের কনিষ্ঠতম সদস্য। তাঁদেরই ভাগনে মোহাম্মদ মহসিন উঠে আসছেন একই পথ ধরে। এরই মধ্যে আবাহনীর জার্সিতে খেলা মহসিন ডাক পেয়েছেন জাতীয় দলে। আর কদিন আগে বাংলাদেশ দলের হয়ে থাইল্যান্ডে খেলে এসেছেন যুব অলিম্পিক হকির বাছাইপর্ব। সেখানে গোল করেছেন ছয়টি। পাকিস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-৪ গোলের ব্যবধানে জয়ে তাঁর বড় অবদান ছিল।

মহসিন ছোটবেলা হতে চেয়েছিলেন ক্রিকেটার। কিন্তু যাঁর তিনজন মামা জাতীয় পর্যায়ের হকি খেলোয়াড়, তাঁর ভাগনে হকি খেলোয়াড় না হয়ে পারেন! ব্যাটের বদলে মহসিনের হাতে তাই উঠেছে হকি স্টিক। মামারা ছিলেন ডিফেন্ডার আর মহসিন হলেন ফরোয়ার্ড। পার্থক্য বলতে এতুটুক।

কবি জসীমউদ্‌দীন কবিতায় যেমনটা বলেছিলেন, ‘...মামার দেশে/ আম কুড়াতে সুখ/ পাকা জামের শাখায় উঠি/ রঙিন করি মুখ’—মহসিনের অবশ্য সেটি হয়নি। হকির আঁতুড়ঘর খ্যাত ঢাকার আরমানিটোলায় মামার বাড়িতে তিনি হকির প্রেমে পড়েছেন। সেখানে ফজলু ওস্তাদের কাছে হাতেখড়ি। ২০১৩ সালে ভর্তি হন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপিতে)। বাকিটা শুধুই এগিয়ে চলা।

তিন মৌসুম ধরে খেলছেন প্রিমিয়ার হকিতে। এবার আবাহনীতে নাম লেখানোর আগে শেষ মৌসুমে খেলেছিলেন মেরিনার্সের হয়ে। গোল করেছিলেন ১২টি। যার পারফরমেন্সের ওপর ভর করেই গত বছর ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপের দলে ডাক পেয়েছিলেন মহসিন। কিন্তু মূল দলে জায়গা করে নিতে পারেননি। ছিলেন স্ট্যান্ডবাই।

এশিয়া কাপের চূড়ান্ত দলে জায়গা না পাওয়ায় ভাগনের মন খারাপ চোখ এড়ায়নি মামাদের। কাছে ডেকে নিয়ে ভুলত্রুটি শুধরে দিয়ে তাঁর মেজো মামা খোকন বলেছেন, ‘মন খারাপ করিস না। ফরোয়ার্ড লাইনে দলে জায়গা পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে। স্কোরিংয়ে হতে হবে নিখুঁত। সামনে সময় আরও আছে। এগুলো আগে উন্নতি কর।’
যখন হতাশা ঘিরে ধরে মহসিনকে, তখনই মামারা এগিয়ে আসেন। পিঠ চাপড়ে সাহস জোগান ভাগনেকে। কথায় আছে না, মামা-ভাগনে যেখানে, আপদ নেই সেখানে!