হকির ম্যারাডোনাদের সোনার হাতছানি
মহিলা হকিতে তারা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু অলিম্পিকের সোনার পদকটা এখনো আর্জেন্টিনার কাছে সোনার হরিণ। তবে এবার সেই সোনার পদক থেকে একটি মাত্র জয়ের দূরত্বে দাঁড়িয়ে হকির ম্যারাডোনাখ্যাত লুসিয়ানো আইমারের দল। পরশু সেমিফাইনালে ব্রিটেনকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনার মেয়েরা। আজ ফাইনালে তাদের মুখোমুখি আরেক বিশ্ব চ্যাম্পিয়ন হল্যান্ড। অন্য সেমিফাইনালে পেনাল্টি শ্যুট-আউটে ডাচরা (৩-১) হারিয়েছে নিউজিল্যান্ডকে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল।আজকের ম্যাচটা এক অর্থে হল্যান্ডের জন্য প্রতিশোধেরও। দুই বছর আগে রোজারিওতে ডাচ দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। হল্যান্ড অবশ্য এর আগে ১৯৮৪ ও ২০০৮ সালে অলিম্পিকে সোনা জিতেছিল। আর্জেন্টিনা এর আগে একবারই ফাইনালে খেলেছে—২০০০ সিডনি অলিম্পিকে। স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সেবার।সেমিফাইনালে বারিয়োনুয়েভু ও রেবিচ্চির প্রথমার্ধে দেওয়া গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ৬৪ মিনিটে ব্রিটেনের ডানসন একটি গোল শোধ করেন। এএফপি।