হকির সংকট কাটছেই না
২-৪ জুলাই দলবদল পিছিয়ে ‘সুবিধাজনক সময়ে’ করার অনুরোধ জানিয়ে ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল এনামুল বারীকে চিঠি দিয়েছিল মেরিনার্স, অ্যাজাক্স, বাংলাদেশ স্পোর্টিং, ওয়ারী ও ওয়ান্ডারার্সকে নিয়ে গঠিত মোহামেডান জোট। সেই পরিপ্রেক্ষিতে কাল প্রিমিয়ার লিগের ১১টি দলকেই আলোচনায় ডাকেন ফেডারেশনের সভাপতি। তাতে খেলোয়াড়দের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঘোষিত সময়ে দলবদলে অংশ নিতে মোহামেডান ও তার মিত্রদের অনুরোধ করেন সভাপতি। তাতে সাড়া না দিয়ে মোহামেডান জোট নানা অভিযোগ তুলেছে ২৭ জুন অনুষ্ঠেয় ফেডারেশনের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে। এনএসসির পাঁচ কাউন্সিলর পরিবর্তন না করায় ক্ষোভ প্রকাশ করেছে তারা। মোহামেডানের ডিরেক্টর ইন-চার্জ লোকমান হোসেন ভুঁইয়া সভার পর বলেন, ‘আমরা ফেডারেশনের সভাপতিকে বলেছি, দলবদল ও নির্বাচন একই সূত্রে গাঁথা। আমাদের প্রতিপক্ষ নির্বাচনে অনেক অনিয়ম করছে। অবৈধ কাউন্সিলর করছে। নির্বাচনে সবার জন্য সমান “মাঠ” দিতে হবে। সেটি না হলে আমরা দলবদল ঘোষিত সময়ে করব না।’
আজ দুপুরের মধ্যে ফেডারেশনের সভাপতির কাছ থেকে একটা উদ্যোগ আশা করছে মোহামেডান জোট। নইলে বিকেলে ক্লাব ভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কটের মতো ঘোষণা দিতে পারে এই ক্লাবগুলো।