হকির সরঞ্জাম কিনতে কোচের শরণ
হকি খেলোয়াড় তৈরির অন্যতম মঞ্চ স্কুল হকি। সারা দেশের স্কুলছাত্রদের হকির প্রতি আকৃষ্ট করতে হকি ফেডারেশন এবার বড় আকারে আয়োজন করছে স্কুল টুর্নামেন্ট। আগ্রহী স্কুল খেলোয়াড়দের দেওয়া হবে হকিস্টিক, বল ও গোলরক্ষক সরঞ্জাম।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাছ থেকে স্পনসর হিসেবে পাওয়া দুই কোটি টাকা থেকে পাকিস্তান থেকে কেনা হচ্ছে এসব সরঞ্জাম। মাধ্যম হিসেবে কাজ করছেন জাতীয় দলের পাকিস্তানি কোচ নাভিদ আলম। তাঁর এক স্বদেশি বন্ধুর পাঞ্জাবে হকির সরঞ্জাম তৈরির আধুনিক কারখানা আছে। সেখান থেকেই কেনা হবে ১৬৩২টি হকিস্টিক, ১৪০০টি বল ও ২০ সেট গোলরক্ষক সরঞ্জাম।
সরঞ্জাম কেনার এই প্রক্রিয়াকে লাভজনক বলছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, ‘আমরা কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে সরঞ্জাম আনলে খরচ অনেক বেশি পড়ত। পাকিস্তান থেকে আনায় আর্থিক সাশ্রয় হবে।’
কোচ নাভিদ আলমের কথা, ‘আমার কাছে এ ব্যাপারে পরামর্শ চেয়েছিল ফেডারেশন। আমি পাকিস্তান থেকে আনার পরামর্শ দিয়েছি। পাঞ্জাব, শিয়ালকোটের ক্রিকেট ব্যাট, হকিস্টিক বিশ্বখ্যাত। ওইসব ব্যাট দিয়েই শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা খেলেছে। আমি চাইব, স্কুলের ছেলেদের এসব ভালো মানের হকিস্টিকেই হাতেখড়ি হোক।’
আগামী ডিসেম্বরে এসব সরঞ্জাম ঢাকায় আসার কথা। এরপর খেলোয়াড়দের নিয়ে শুরু হবে এক মাসের প্রশিক্ষণ ক্যাম্প।