হকির সামনে ব্যস্ত সূচি
ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে সামনে বেশ ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ হকি ফেডারেশন। ৫ ডিসেম্বর বিজয় দিবস হকি দিয়ে শুরু হচ্ছে এই সূচি। এরপর ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে ক্লাব কাপ হকি। মোহামেডানসহ বিদ্রোহী তিন ক্লাবকে ছাড়াই শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। প্রিমিয়ার হকি লিগ শুরু হতে পারে ক্লাব কাপ শেষ হলেই। আগামী কার্যনির্বাহী কমিটির সভায় চূড়ান্ত হবে ক্লাব কাপ ও লিগের তারিখ।
আন্তর্জাতিক সূচির প্রথমেই রয়েছে এশিয়া কাপ হকির বাছাইপর্ব। ১৫ মার্চ শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ খেলবে এশিয়ার সাতটি দেশ। জাতীয় দলের খেলোয়াড় বাছাই করতে ৬-৭ ডিসেম্বর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হবে উন্মুক্ত ট্রায়াল। আগ্রহীদের কোচ নাভিদ আলমের কাছে ৬ ডিসেম্বর সকাল ৮টায় রিপোর্ট করতে বলা হয়েছে।
ঢাকায় সেপ্টেম্বরে হতে পারে বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ড। আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে জানুয়ারিতে ঢাকায় এলে তিনিই দিতে পারেন এ ঘোষণা। এ ছাড়া এএইচএফ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টের আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে আছে বাংলাদেশ। আগামী নভেম্বর বা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আছে এই টুর্নামেন্ট। কাল হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বললেন, ‘এফআইএচ অনুমোদন দিলে আগামী বছর তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করব। এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছি আমরা।’