হকির সেই জুটি এখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেছনে বদলে যাওয়া মাঠ আর ফেলে আসা স্মৃতি। অনেক দিন পর এক ফ্রেমে বন্দী হকির বিখ্যাত ‘সাদেক-কামাল’ জুটি (বাঁয়ে মোহাম্মদ সাদেক)। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে l শামসুল হক
পেছনে বদলে যাওয়া মাঠ আর ফেলে আসা স্মৃতি। অনেক দিন পর এক ফ্রেমে বন্দী হকির বিখ্যাত ‘সাদেক-কামাল’ জুটি (বাঁয়ে মোহাম্মদ সাদেক)। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে l শামসুল হক

দুজনেরই প্রিয় খাবার পুরান ঢাকার বিরিয়ানি। প্রিয় রং সাদা, খেলোয়াড় শাহবাজ আহমেদ। কাকতালীয়ভাবে দুজনই খেলা ছেড়ে রেস্তোরাঁর ব্যবসা করছেন।

বয়সের ফারাকটা পাঁচ বছরের। তারপরও দুজনের ভারি বন্ধুত্ব। সাত সমুদ্র তেরো নদীর ওপারে থাকা জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় মোহাম্মদ সাদেক তাইতো ঢাকায় পা রেখেই প্রথম ফোনটা দেন রফিকুল ইসলাম কামালকে। বাংলাদেশের হকির একটা বড় অধ্যায়জুড়ে আছে ‘সাদেক-কামাল’ জুটি। বিখ্যাত সেই জুটির একজন সাদেক আঠারো বছর ধরে কানাডাপ্রবাসী। কামাল পুরান ঢাকার সাত রওজায় ‘শান এ মোগল’ নামের রেস্তোরাঁ খুলেছেন।

হকিতে নাড়িপোঁতা এই জুটি কাল এসেছিলেন নিজেদের প্রিয় আঙিনায়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের বারান্দায় দুজনের দেখা হতেই যেন ফিরে গেলেন খেলার সোনালি দিনগুলোতে। মেতে উঠলেন প্রাণখোলা আড্ডায়।

দ্বিতীয় বিভাগের ক্লাব বাংলাদেশ স্পোর্টিং দিয়ে সাদেকের হকি ক্যারিয়ার শুরু। সেটা ১৯৮৫ সালের কথা। এরপর একে একে খেলেছেন ব্যাচেলর, অ্যাজাক্স, আবাহনী, মোহামেডান ও ঊষায়। এতগুলো ক্লাবে খেললেও এই দুজনের জুটি গড়ে উঠেছিল মূলত ঊষা ক্লাবে! এর বাইরে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলতেন ঢাকা জেলার হয়ে। খেলেছেন জাতীয় দলেও জুটি বেঁধে। ১৯৯৫ সালে এক মৌসুমে লিগে সর্বোচ্চ ৪০টি গোল করেছিলেন কামাল, যার ২৫টি গোলেরই উৎস ছিলেন সাদেক।

খেলার মাঠে এমন নিঃস্বার্থ সতীর্থকে খুব কমই দেখেছেন কামাল, ‘সাদেক ভাইয়ের মতো এমন বড় মনের মানুষ দেখা যায় না। গোলকিপারকে ডজ দিয়েও নিজে গোল করতেন না। পাশে দাঁড়ানো আমাকে দিয়েই গোল করিয়েছেন। অথচ চাইলে তিনিও করতে পারতেন। উনি বিদেশে যাওয়ার পর সেভাবে কেউ গোল করতে সাহায্য করেনি। বরং এমনও বলেছে, তুমি তো অনেক গোল করে ফেলেছ।’

মাঠে দুজনের রসায়নটা কীভাবে এত চমৎকারভাবে মিলত? প্রশ্নটা করতেই হাসতে হাসতে উত্তর দিলেন সাদেক, ‘ভালোবেসে বিয়ের পরও অনেক সংসার টেকে না। কিন্তু পারিবারিকভাবে আয়োজনের বিয়েও অনেক সুখের হয়। আমাদের ব্যাপারটা তেমনই ছিল। আসলে দুজনের বোঝাপড়াটা ছিল দারুণ।’ এক ধাপ এগিয়ে কামাল বলে উঠলেন, ‘আমরা কখনো কেউ কাউকে বলতাম না যে তুমি এখানে থাকো। উনি যখন বলটা ছাড়বেন বা ছেড়ে ওই জায়গায় যাবেন, আমি আগে থেকেই বুঝে ফেলতাম। আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় একসঙ্গে কাজ করত।’

ফর্মে থাকা অবস্থায় সাদেক জাতীয় দল থেকে আচমকাই বাদ পড়েন ১৯৯৯ সালে। অভিমানে খেলা ছেড়ে ওই বছরই কানাডায় পাড়ি জমান। এরপর কিছুদিন যুক্তরাষ্ট্র ও কানাডায় হকি খেলেছেন বিভিন্ন ক্লাবে। কিন্তু হকি খেলে উপার্জন হচ্ছিল না। শেষ পর্যন্ত রেস্তোরাঁয় চাকরি নেন। পরে রেস্তোরাঁর ব্যবসায় জড়িয়ে পড়েন।

প্রায় সাত বছর পর গত সপ্তাহে দেশে এসেও হকি মাঠ ভুলতে পারেননি। প্রতি শুক্রবার সকালে সাবেক হকি খেলোয়াড়েরা স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলেন। মাঠে এসে সেই পুরোনো বন্ধু—গুড্ডু, কামাল, লতিফ, কলিম, ফয়সালদের সঙ্গে আবারও হাতে তুলে নিয়েছেন হকিস্টিক।

বিদেশে থাকলেও দেশের হকির খোঁজখবর নিয়মিতই রাখেন সাদেক। অনূর্ধ্ব-১৮ যুব এশিয়া কাপে বাংলাদেশের রানার্সআপ হওয়া, এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হওয়ার খবর শুনেছেন কানাডাতে বসেই।

সাদেকের ছেলে মোহাম্মদ রাফি অবশ্য বাবার পথে হাঁটেননি। কানাডাতে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। দুই মেয়ে আয়েশা সাদেক ও আরিচ সাদেক পড়াশোনা করছেন।

ঢাকায় এখন ব্যস্ত সময় কাটছে সাদেকের। এরই ফাঁকে প্রিয় ‘পার্টনারের’ সঙ্গে দেখা করতে ছুটে এসেছিলেন স্টেডিয়ামে।

আগামী ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ভ্যাটার্ন হকি দল ঢাকায় প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ডের সঙ্গে। ওই ম্যাচে খেলতেও মুখিয়ে আছেন, ‘ভাবছি, রিটার্ন টিকিট বদলে ওই ম্যাচটা খেলেই যাব।’

ছোটবেলায় যাতে হকি মাঠে না যেতে পারেন সাদেক, এ জন্য শিকল দিয়ে বেঁধে রাখতেন ভাইয়েরা। এখন সুদূর কানাডা থেকে চাইলেও আসতে পারেন না। তা যত দূরেই থাকুন না কেন, হৃদয়ের অদৃশ্য ভালোবাসার শিকলটা যে এখনো হকি মাঠেই পড়ে আছে!