হকির সোনা সেনাবাহিনীর
শেষ বাঁশি বাজতেই সেনাবাহিনীর পতাকা নিয়ে ‘ল্যাপ অব অনার’ দিলেন খেলোয়াড়েরা। খানিক বাদে কোচ আজিজ উল্লাহ হায়দারকে মাথায় তুলে নাচতে শুরু করে দিলেন শিষ্যরা। এবার স্বাধীনতা দিবস হকিতে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। এই সাফল্যের ধারায় ১৯৮৪ সালের পর আবারও বাংলাদেশ গেমস হকির সোনা জিতল দলটি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল সেনাবাহিনী ৬-২ গোলে হারিয়েছে ফরিদপুরকে। ফরিদপুর অনেক দিন পর ভালো দল পেয়েছিল। তিন ভাই মুসা, ইসা, ইয়ামিন ছিলেন। ওঁদের ভাগ্নে জাতীয় দলের উদীয়মান স্ট্রাইকার মইনুল ইসলামের (কৌশিক) সঙ্গে অতিথি খেলোয়াড় ছিলেন মিমো, নিলয়, ওয়ালিদ, রকি, রানা। কিন্তু তার পরও ফাইনালে ফরিদপুর প্রতিন্দ্বন্দ্বিতা গড়তে পারল না সেনাবাহিনীর সঙ্গে।পুরো ম্যাচে বড় পার্থক্য গড়ে দিয়েছেন জাতীয় দলের স্ট্রাইকার আবদুল মালেক। সেনাবাহিনীর হয়ে গোল করেছেন ১টা, গোল করিয়েছেনও কয়েকটি। সর্বোচ্চ ১১ গোল করে হয়েছেন সেরা খেলোয়াড়। সাব্বির ও মিলন ২টি করে গোল করেন, রোকনের গোল ১টি। ফরিদপুরের গোল দুটি করেছেন রিপন ও নিলয়।টেনিসে চ্যাম্পিয়ন ঈশিতা: হাতিবান্ধার (লালমনিরহাট) কিশোরীটি বিকেএসপিতে এসেছিলেন অ্যাথলেট হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু বাছাইয়ের পর তাঁকে ভর্তি করা হলো টেনিসে। সেটা ২০০৮ সালের কথা। বিকেএসপি আসার আগে ঈশিতা আফরোজ র্যাকেট কখনো চোখেই দেখেননি। সেই ঈশিতাই দেশসেরা টেনিস খেলোয়াড় হওয়ার স্বপ্নপূরণের পথে সাফল্য সিঁড়ির প্রথম ধাপে পা রাখলেন বাংলাদেশ গেমসের সোনা জিতে। রমনা টেনিস কমপ্লেক্সে র্যাঙ্কিং-সেরা শারমিন আলমকে (সারদা) ৬-৩, ৭-৫, ৬-১ গেমে হারিয়ে জিতলেন সোনা। মহিলা এককে ব্রোঞ্জ জিতেছেন বিকেএসপির আফরানা ইসলাম।জুডোয় মারামারি: কাবাডিতে ‘আনসার-তাণ্ডবের’ পর কাল ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জুডোতে চেয়ার ছোড়াছুড়ি করেছেন খেলোয়াড়েরা। তবে এতে কেউ আহত হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বললেন, ‘১০০ কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর বিপক্ষে বিজিবির পক্ষপাতের অভিযোগ আম্পায়ার আমলে না নিলে বিজিবির ক্ষুব্ধ সদস্যরা কয়েকটি চেয়ার ভাঙচুর করেন।’ এদিকে আনসারের ঘটনায় তদন্ত কমিটি করেছে কাবাডি ফেডারেশন।শরীর গঠন: ৬৫ কেজিতে চট্টগ্রাম মহানগরীর মুরাদ হোসেন ও জুনিয়র বিভাগের ঊর্ধ্ব-৬৫ কেজিতে মাসল অ্যান্ড ফিটনেস সেন্টারের মিজানুর রহমান সোনা জিতেছেন। ৫৫ কেজিতে আনসারের দেলোয়ার হোসেন সোনা জিতলেও এ নিয়ে প্রশ্ন তোলেন অনেক প্রতিযোগী। শ্যুটিং: কাল ১০ মিটার এয়ার পিস্তলে মহেন্দ্র, ২৫ মিটার পিস্তলে কানিজ চৌধুরী, মহিলাদের ৫০ মিটার প্রোনে সাবরিনা সুলতানা সোনা জিতেছেন।