হকির 'সুখী পরিবার' ফিরছে ঢাকায়
দুপুর গড়াতে না গড়াতেই বিকেএসপিতে উপস্থিত আবদুস সাদেক। হকি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদকের সঙ্গী কার্যনির্বাহী পরিষদের সদস্যরাও। সবাই সরাসরি উঠলেন খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প আন্তর্জাতিক ট্রেইনিজ হোস্টেলে। খেলোয়াড়দের সঙ্গে দুপুরের খাবার খেলেন। বেলা সোয়া তিনটায় পাশের অ্যাস্টো টার্ফের সামনের প্যাভিলিয়নে বসে দেখতে লাগলেন মিমো-চয়নদের অনুশীলন।
কখনো কোচ মাহবুব হারুনের সঙ্গে সলাপরামর্শ করছিলেন দেশের হকির কিংবদন্তি আবদুস সাদেক। কখনো আবার খেলোয়াড়দের গায়ে-মাথায় হাতও বুলিয়ে দিলেন। যেন খেলোয়াড়দের সত্যিকারের এক অভিভাবক। এসএ গেমসের অনুশীলনে পুরো মনোযোগী সবাই। হকির গুমোট পরিবেশ কেটে গেছে। নির্ভার খেলোয়াড়দের মাঠে দেখা গেল ফুরফুরে মেজাজেই। যেন এমন একটা দৃশ্যই এত দিন ধরে চেয়ে এসেছেন আবদুস সাদেক, ‘আমার এখানে এসে খুবই ভালো লাগছে। খেলোয়াড়েরা সবাই এখানে এসেছে এটাই বড় কথা। আপাতত সমস্যার সমাধান হয়েছে। এখন হকিকে এগিয়ে নিতে হলে আরও বেশি মনোযোগী হতে হবে আমাদের।’
এসএ গেমস ও জুনিয়র এশিয়া কাপের জন্য ৫২ সদস্যের ক্যাম্প ডেকেছিল ফেডারেশন। নৌবাহিনীর সাতজন খেলোয়াড় যোগ দিলেও ভারতে আমন্ত্রণমূলক একটি টুর্নামেন্টে খেলতে যাওয়ার কারণে সেনাবাহিনীর সাতজন যোগ দেননি। তবে বিদ্রোহী খেলোয়াড়দের মধ্যে ১৭ জন ক্যাম্পে যোগ দিয়েছেন শনিবারই। সঙ্গে আছেন বিকেএসপির ১৫ জন। শুধু রাসেল মাহমুদ জিমি এবং কামরুজ্জামান রানা পারিবারিক সমস্যার কারণে পরে যোগ দেবেন। আর জার্মানিতে লিগ খেলতে থাকা ইমরান হাসান পিন্টুও যোগাযোগ করেছেন ফেডারেশনের সঙ্গে। তিনিও দ্রুতই দেশে ফিরবেন। প্রায় পুরো দলকে পেয়ে দারুণ খুশি কোচ মাহবুব হারুন, ‘এবার আমি মনের মতো করে দল নির্বাচন করতে পারব।’
তবে আগামীকাল থেকে আর বিকেএসপিতে থাকবে না হকি দল। মাওলানা ভাসানী স্টেডিয়ামের ডরমিটরিতেই খেলোয়াড়েরা থাকবেন। অনুশীলনও করবেন স্টেডিয়ামেই। বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকুরে হারুনের জন্য বিকেএসপিতে দুই বেলা অনুশীলন করানো কষ্টকর হয়ে পড়েছে। এ জন্যই ফেডারেশনকে অনুরোধ করে এমন সিদ্ধান্ত নিয়েছেন কোচ।
সবাই ক্যাম্পে যোগ দেওয়ায় খুশি সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন, ‘এখন যেন মনে হচ্ছে আমরা একটা সুখী পরিবার।’ জাতীয় দলের ফরোয়ার্ড পুস্কর খীসা মিমোর কথা, ‘দলবদল হবে ভেবেই আমরা বেশি খুশি। এখন মাঠে শতভাগ দেওয়ার চেষ্টা করছি সবাই।’