প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবকিছু ঠিকঠাক থাকলে সিডনির টি-টোয়েন্টি দিয়ে আজ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ব্র্যাড হগ। তাঁর সঙ্গী হবে বেশ কিছু রেকর্ড। ২০০৭ সালের ৯ জুন সিডনিতেই ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন। আজ আবার খেলবেন ৫ বছর ২১ দিন পর। সবচেয়ে বেশি সময়ের ব্যবধানে টি-টোয়েন্টি খেলার রেকর্ড হবে এটাই। অতীত হয়ে যাবে ড্যারিল টাফির রেকর্ড। কিউই পেসার প্রথম টি-টোয়েন্টি খেলার ৪ বছর ৩৪৯ দিন পর খেলেছিলেন দ্বিতীয়টি। পেছনে পড়ে যাবেন জুলকারনাইন হায়দারও। এই উইকেটকিপারের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির মাঝে পাকিস্তান খেলেছিল ৩৮টি টি-টোয়েন্টি। হগের সর্বশেষ ম্যাচের পর অস্ট্রেলিয়া খেলেছে ৪০টি টি-টোয়েন্টি। আজ হগের বয়স ৪০ বছর ৩৬০ দিন, অস্ট্রেলিয়ার সবচেয়ে বুড়ো টি-টোয়েন্টি ক্রিকেটারও হতে যাচ্ছেন তিনিই। ৩৬ বছর ৭৯ দিনে খেলে আগের ‘রেকর্ড’টি ছিল অ্যাডাম গিলক্রিস্টের।