হচ্ছে না নাদাল ফেদেরার লড়াই

দুজনে মুখোমুখি হয়েছেন ৩১ বার। কিন্তু ইউএস ওপেনে কখনোই নয়। সেই কাঙ্ক্ষিত দ্বৈরথ দেখার আকাঙ্ক্ষা এবার মিটবে—দর্শকেরা এই আশাতেই বুঁদ হয়ে ছিল এত দিন। এমনকি রাফায়েল নাদাল নিজেও চাইলেন ইউএস ওপেনে ফেদেরারের সঙ্গে তাঁর দ্বৈরথটি হোক। একটার পর একটা বাধা পেরিয়ে সম্ভাব্য সেই দ্বৈরথের দ্বারপ্রান্তে পৌঁছেও গিয়েছিলেন দুজন। কিন্তু আশার ভেলাটা তলিয়ে গেল তীরে এসে। ডোবালেন রজার ফেদেরার।
জার্মানির ফিলিপ কোলশ্রেইবারকে হারিয়ে রাফায়েল নাদাল উঠেছেন শেষ আটে। কিন্তু চতুর্থ রাউন্ডে কাটা পড়লেন ফেদেরার। ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক হেরে গেছেন স্পেনের টমি রব্রেডোর কাছে। গত ১০ বছরে এই প্রথম ফেদেরার ইউএস ওপেন থেকে বিদায় নিলেন কোয়ার্টার ফাইনালের আগেই। ফল, নাদাল-ফেদেরারের সম্ভাব্য দ্বৈরথটি হয়ে গেল নাদাল-রব্রেডোর অলস্প্যানিশ কোয়ার্টার ফাইনাল। দুই বন্ধুরও।
প্রথম সেটে পিছিয়ে পড়েও জার্মানির ২২তম বাছাই কোলশ্রেইবারকে নাদাল হারিয়েছেন ৬-৭ (৪/৭), ৬-৪, ৬-৩, ৬-১ গেমে। ফেদেরার সেভাবে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি। ১৯তম বাছাই রব্রেডো জিতেছেন ৭-৬ (৭/৩), ৬-৩, ৬-৪ গেমে। ২০০২ সালের পর এ বছরই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠতে ব্যর্থ ফেদেরার। ম্যাচ শেষে সুইস মাস্টার নিজেই নিজের পারফরম্যান্সের সবচেয়ে বড় সমালোচক, ‘মনে হচ্ছিল, আমি নিজেই নিজেকে হারিয়েছি। আমার আত্মবিশ্বাসে ঘাটতি ছিল।’
মেয়েদের এককে যেন বুড়োদের রাজত্ব। ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন ৩০-এর বেশি বয়সী পাঁচ খেলোয়াড়। সেরেনা, লি নাকে অনুসরণ করে পরশু শেষ আটে উঠেছেন রবার্তা ভিঞ্চি, ফ্লাভিয়া পেনেত্তা ও ড্যানিয়েলা হান্তুয়েভা। এএফপি।