হচ্ছে ‘স্বপ্নে’র ঠিক উল্টো!
শ্যুটিংয়ের সৌজন্যে পদক তালিকায় নাম ওঠার দিনে অন্য মাঠ থেকে বাংলাদেশের জন্য ভালো খবর নেই।আর্চারির রিকার্ভ বো ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে দুই ভাইয়ের লড়াইয়ে জিতেছেন ইমদাদুল হক (মিলন)। বড় ভাই জিয়াউল ম্যাচটা টাই করলেও শেষ পর্যন্ত এক পয়েন্টে হেরেছেন ছোট ভাইয়ের কাছে। ১৯তম কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত বিভাগে ইমদাদুলের দৌড় থেমে গেছে কোয়ার্টার ফাইনালে। ইংল্যান্ডের টেরি সাইমনের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে হেরেছেন মাত্র ২ পয়েন্টে (ইমদাদুল ১৬৬)।এই ইভেন্টের সজীব হোসেনকে প্রি-কোয়ার্টার ফাইনালেই দেশের টিকিট ধরিয়ে দিয়েছেন ভারতের বিশ্বখ্যাত আর্চার রাহুল ব্যানার্জি। পুরুষ কম্পাউন্ড ইভেন্টে মামুনুর তীব্র লড়াই করেছেন নিউজিল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। তাঁর স্কোর ৬০-এর মধ্যে ৫৮, কিন্তু প্রতিদ্বন্দ্বীর স্কোর ৬০!বাংলাদেশ আর্চারি দল পদক জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু ব্যক্তিগত বিভাগে পদকের ধারেকাছেও কেউ যেতে পারেননি। কোচ নিশীথ দাস জানাচ্ছেন কারণটা, ‘প্রতিদ্বন্দ্বীরা সবাই বিশ্বসেরা আর্চার। আমাদের স্কোর খুবই ভালো। কিন্তু ওরা ৬০-এ ৬০ মারলে আমাদের আর কিছু করার থাকে না।’শ্যুটিংয়ে মেয়েদের ৫০ মিটার থ্রি পজিশনের দলীয় বিভাগে ৮ দলের মধ্যে বাংলাদেশ হয়েছে অষ্টম। নিজের সেরার চেয়েও ৮-১০ স্কোর কম করেছেন সাবরিনা সুলতানা (৬০০-তে ৫৬১)। শারমিন শিল্পা তার চেয়েও এক মাইল পেছনে (৫৫৩!)। মোট স্কোর ১১১৪। অনুশীলনে এর চেয়ে বেশি স্কোর করে এসেও কেন প্রতিযোগিতা মঞ্চে এই হাল, তার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না শ্যুটিং দল।এই ইভেন্টে বাংলাদেশের চেয়ে ৩৫ স্কোর বেশি করে (১১৪৯) সোনা জিতেছেন সিঙ্গাপুরের উই জেসমিন ও আকুইলা সুধীর। ভারতকে সন্তুষ্ট থাকতে হয়েছে রুপা নিয়ে।ওদিকে বক্সিং রিংয়ে শুরুতেই আশা শেষ আবদুর রহিমের। বাছাইয়ে দুই রাউন্ড খেলে তাঁর পয়েন্ট এক, কানাডার উল সির ছয় পয়েন্ট নিয়ে জিতে গেছেন। স্কোয়াশের বাছাইয়ে উগান্ডার স্যামুয়েলের কাছে হার মাসুদ রানার (২-৩)। উগান্ডারই আরেক প্রতিযোগীর সঙ্গে এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলছিলেন স্বপন পারভেজ। ভারোত্তোলন ৫৪ কেজিতে ফিরোজা পারভিনের লড়াই তখনো শুরুই হয়নি। কাল সন্ধ্যা নামতেই মিডিয়া সেন্টারজুড়ে ভারতীয়দের উল্লাস। গোটা পাঁচেক সোনা ততক্ষণে জেতা হয়ে গেছে স্বাগতিকদের। আর একটি সোনা জয়ই কত ‘সাধনার ধন’ বাংলাদেশের কাছে! ৯-১০ অক্টোবর মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল, সেটিতে সোনার স্বপ্ন দেখা শারমিন আক্তার (রত্না) কাল বলছিলেন, ‘কী যে হবে! খুব টেনশনে আছি।’‘স্বপ্ন’ শব্দের অর্থটা যেন পাল্টে হয়ে গেছে ‘টেনশন’!