হজের বিস্ময়কর প্রত্যাবর্তন

অস্ট্রেলিয়ার হয়ে সীমিত ওভারের শেষ ম্যাচটি ব্র্যাড হজ খেলেছিলেন ২০০৭ সালে। এরপর দীর্ঘ সাত বছর কোনো আলোচনাতে ছিলেন না। বয়সও হয়ে গেছে ৩৯ বছর। আবারও যে কোনো দিন অস্ট্রেলিয়ার জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন সেটা বোধহয় ভুলেও ভাবেননি এই ডান হাতি ব্যাটসম্যান। কিন্তু সেই হজই এখন হয়ে গেছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনের অন্যতম প্রধান ভরসা। কীভাবে সম্ভব হলো এই অসম্ভব ঘটনা? সম্প্রতি হজ নিজেই জানিয়েছেন বিস্ময়কর এই প্রত্যাবর্তনের কাহিনি।
দীর্ঘদিন পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে হজকে মাঠে দেখা গিয়েছিল এ বছরের শুরুতে। ইংল্যান্ডের বিপক্ষে তিনি খেলেছিলেন টি-টোয়েন্টি সিরিজের শেষ দুইটি ম্যাচ। কিন্তু এর জন্য নাকি কোনো পূর্বপ্রস্তুতিই ছিল না হজের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তিনি উপস্থিত হয়েছিলেন ‘কোচিং পরিদর্শক’ হিসেবে। অধিনায়ক জর্জ বেইলি হঠাত্ করে ইনজুরির কবলে পড়ায় হজকেই মাঠে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ ড্যারেন লেম্যান। এই সিরিজে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই বাজিমাত করে দিয়েছেন হজ। অস্ট্রেলিয়ার শেষ দুইটি জয়েই রেখেছেন বড় অবদান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ-সেরার পুরস্কারও জিতেছিলেন এই ডান হাতি ব্যাটসম্যান।
অথচ নয় বছর আগেই নাকি হজকে দূরে সরিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। সেসময়ের কথা ভেবে কিছুটা আফসোসও করেছেন তিনি, ‘৩০ বছর বয়সেই আমাকে বলে দেওয়া হয়েছিল যে আমি অস্ট্রেলিয়ার হয়ে আর কখনো একদিনের ক্রিকেট খেলব না। নয় বছর পর সেই সময়ের কথা ভাবলে কিছুটা কষ্টই লাগে। আমি ভাবি যে, কতটা অপরিণত সিদ্ধান্তই ছিল সেটি।’
খেলোয়াড়ি জীবনের কথা ভুলে নতুনভাবে কোচিং ক্যারিয়ার গড়ারই প্রস্তুতি নিচ্ছিলেন হজ। বিগব্যাশের কোনো দলের সঙ্গে যুক্ত হয়ে অভিজ্ঞতা অর্জনের পরিকল্পনাই ছিল তাঁর। কিন্তু আকস্মিকভাবেই পাল্টে গেছে সবকিছু। এখন বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখিয়ে আকস্মিক এই প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে পারবেন কিনা, সেটাই দেখার বিষয়। ওয়েবসাইট।