হজের বুড়ো হাড়ের ভেলকিতে জয় অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফর্মের তুঙ্গে থাকা ওয়ার্নারের ব্যাটে আজও উঠেছিল ঝড়। আসল কাজ অবশেষে করেছেন হজ
ফর্মের তুঙ্গে থাকা ওয়ার্নারের ব্যাটে আজও উঠেছিল ঝড়। আসল কাজ অবশেষে করেছেন হজ

একটা ওভারই পাল্টে দিতে পারে ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারক স্টার স্পোর্টস দুয়ারে দাঁড়িয়ে থাকা টুর্নামেন্টটির প্রচারে এমনই একটা বিজ্ঞাপন বানিয়েছে। তেমনটাই মনে হচ্ছিল বৃষ্টির কারণে সাত ওভারে নেমে আসা ডারবানের আজকের টি-টোয়েন্টি ম্যাচটিতে, চতুর্থ ওভারে যখন মাত্র চার রান দিয়ে শেন ওয়াটসনের উইকেটটা তুলে নিলেন ওয়েইন পারনেল। সেই পারনেলের এক ওভারই আবার পাল্টে দিল ম্যাচ। সপ্তম ও শেষ ওভারটি করতে এসে ব্র্যাড হজের হাতে টানা দুটো ছক্কা খেলেন। শেষ ওভারে ১৫ রানের কঠিন সমীকরণ মিলিয়ে দিয়ে ২ বল আর ৫ উইকেট হাতে থাকতেই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ উপলক্ষেই এবারের সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রাখা হয়েছে। এর প্রথমটি ভেসে গিয়েছে বৃষ্টিতে। আজ দ্বিতীয় ম্যাচটিও সেই পথেই যাচ্ছিল। শেষ পর্যন্ত ম্যাচের আকার নেমে আসে সাত ওভারে। প্রথমে ব্যাট করে ১ উইকেটে মাত্র ৮০ রান তুলেছিল স্বাগতিকেরা। মাত্র তো বটেই। প্রথম তিন ওভারে মাত্র ১১ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। সাত ওভারের তিনটাই এমন অপচয় করলে ম্যাচের আর থাকে কী!
পরে কুইন্টন ডি কক ২০ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪১ এবং ফ্যাফ ডু প্লেসিস দুটো করে চার-ছক্কায় ১৩ বলে ২৭ করে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু প্রথম তিন ওভারে দক্ষিণ আফ্রিকা যেখানে ১১ রান তুলেছে, অস্ট্রেলিয়া তুলেছে ৪৪! এর মধ্যে প্রথম আর তৃতীয় ওভারেই এসেছে ৩৯ রান!
এরপর পারনেলের সেই চার রান দেওয়া চতুর্থ ওভার আর পঞ্চম ওভারে মাত্র ৫ রান দিয়ে দুই উইকেট তুলে নেওয়া জেপি ডুমিনির ওভার দুটো দক্ষিণ আফ্রিকাকে আবার ম্যাচে ফিরিয়ে এনেছিল। কিন্তু পার্থক্যটা আসলে শেষ পর্যন্ত হয়ে গেল দুই ইনিংসের প্রথম তিনটা ওভারের মধ্যে। এরপর তো শেষ ওভারে হজের সেই ঝড়। আসল ঝড় তুলেছিলেন অবশ্য সেই ডেভিড ওয়ার্নার। ১৬ বলে ৫ চার ও ২ ছক্কায় করেছেন ৪০। যদিও ম্যাচের পরিস্থিতি বিবেচনায় হজের ৮ বলে করা অপরাজিত ২১ বেশি গুরুত্বপূর্ণ বিবেচিত হলো। ম্যাচ সেরাও হয়েছেন ছয় বছর পর মাত্র কদিন আগে জাতীয় দলে ফেরা এই ব্যাটসম্যান। বুড়ো হাড়ে এখনো যে ভেলকি লুকিয়ে আছে, সেটাই যেন বুঝিয়ে দিলেন গত ডিসেম্বরে ৪০-এ পা দেওয়া হজ।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামীকাল, সেঞ্চুরিয়নে।