হটস্পটের দুর্বলতা নয়, প্রতারণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হটস্পটে ধরা পড়েনি ব্যাটে বলের ছোঁয়া, কিন্তু অডিওতে শোনা গেছে শব্দ, ধরা পড়ছে স্নিকোমিটারে। চলতি অ্যাশেজে বেশ কবারই এমন হয়েছে। প্রথম টেস্টে ব্র্যাড হাডিন, তৃতীয় টেস্টে উসমান খাজা ও কেভিন পিটারসেন। বিতর্ক কম হয়নি এসব নিয়ে। মনে করা হচ্ছিল, এটি হটস্পট ক্যামেরার দুর্বলতা। এখন শোনা যাচ্ছে, আসল কারণ নাকি অভিনব প্রতারণা! ব্যাটে বলের সূক্ষ ছোঁয়া যাতে ইনফ্রা রেড ক্যামেরার চোখ এড়িয়ে যায়, সে উদ্দেশ্যেই নাকি চলতি অ্যাশেজে ব্যাটের কোনাগুলোতে সিলিকন টেপ ব্যবহার করছেন ব্যাটসম্যানরা!
অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের দাবি, আইসিসি ব্যাপারটির তদন্তও করছে। কোনো সূত্রের উল্লেখ অবশ্য করেনি চ্যানেলটি, তবে বলেছে আইসিসির ক্রিকেট পরিচালনা বিভাগের মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডাইসকে নাকি দেওয়া হয়েছে তদন্তের দায়িত্ব। চেস্টার-লি-স্ট্রিট টেস্টের আগে দুই অধিনায়কের সঙ্গে কথাও বলবেন অ্যালারডাইস। আইসিসি অবশ্য অস্বীকার করেছে কোনো ধরনের তদন্ত করার কথা। মাইকেল ক্লার্ক ও অ্যালিস্টার কুকের সঙ্গে দেখা করার কথা অবশ্য নিশ্চিত করেছে আইসিসি, তবে বলছে আলোচনা হবে শুধু ‘ডিআরএস নিয়ে সাম্প্রতিক উদ্বেগ’ প্রসঙ্গে।
খবরটি এখনো নিশ্চিত না হলেও খেপে উঠেছেন পিটারসেন। কারও নাম না নেওয়া হলেও অভিযোগের তির তো তাঁর দিকেও! ওল্ড ট্রাফোর্ডের দ্বিতীয় ইনিংসে হটস্পটে ধরা না পড়লেও অডিও শুনে আউট দেওয়া হয়েছে ইংলিশ ব্যাটসম্যানকে। স্নিকোতেও ধরা পড়েছে ব্যাটে বলের ছোঁয়া। তবে প্রতারণার অভিযোগে ক্ষুব্ধ পিটারসেনের টুইট, ‘আউট হতে আমি কখনোই ভয় পাই না। বল ব্যাটে লাগলে আমি সোজা হাঁটা দেব। সিলিকনে ব্যাট মুড়িয়ে প্রতারণার অভিযোগে আমি প্রচণ্ড ক্ষুব্ধ।’ ওয়েবসাইট।
ক্লার্কের কাছে অভিযোগটাকে মনে হচ্ছে হাস্যকর, ‘অন্যদের কথা বলা আমার পক্ষে মুশকিল। তবে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে এ নিয়ে কোনো আলোচনা আমি শুনিনি। এমন কিছু হলে আমি অবশ্যই জানতাম। কারণ, আমি ব্যাট-পাগল। সবার ব্যাট হাতে নিই আমি, সবার ব্যাট ধরে দেখি। সত্যি বলতে, অভিযোগটাকে আমার কাছে মনে হয়েছে হাস্যকর। তবে প্রতারণার কথা যদি বলা হয়, আমি নিশ্চিত করতে পারি অস্ট্রেলিয়ার কেউ প্রতারণার কথা ভাবেই না। ক্রিকেটটা আমরা এভাবে খেলি না।’